logo

ঢাবিতে যানবাহন চলাচলে বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য লাগবে যত কাগজ

ঢাবিতে যানবাহন চলাচলে বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য লাগবে যত কাগজ
রাজধানীর একটি সড়কে মোটরসাইকেলচালকদের তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, নাশকতার চেষ্টা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যানবাহন চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি মোটরসাইকেল চলাচলের জন্য বিশেষ নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী ও অনলাইন শপিংয়ের বাহনসহ সরকারি গাড়ি এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর ক্ষমতা থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

অন্য বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মোটরসাইকেল ব্যবহারকারীদের বিশেষ নিরাপত্তা স্টিকার সংগ্রহের জন্য আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট অফিসপ্রধানের সুপারিশ, মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। আগামী ২০ নভেম্বরের পর প্রক্টর অফিসের নির্ধারিত স্টিকার ছাড়া মোটরসাইকেলের ক্যাম্পাসে প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

প্রশাসনের এ সিদ্ধান্তের আগে গত ৮ থেকে ১০ নভেম্বর টানা তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, রাজু ভাস্কর্য, ভিসি চত্বর, সিনেট ভবন, জগন্নাথ হল, ফজলুল হক মুসলিম হল, মধুর ক্যানটিন, কলাভবন ও ব্যবসায় শিক্ষা অনুষদসহ অন্তত ১১টি স্থানে এসব বিস্ফোরণ ঘটে।

পরে ৯ নভেম্বর টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশন ও রাজু ভাস্কর্যের সামনে বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়। পরদিন ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পার্কিং করা এক শিক্ষকের ব্যক্তিগত গাড়িতে ককটেল বিস্ফোরিত হলে গাড়িচালক সোহেল (৩৬) স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। এ ছাড়া এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাটল বাসের চালকসহ কয়েকজন পথচারী আহত হন।

ধারাবাহিক এসব ঘটনার মধ্যে ক্যাম্পাসে হুমকিমূলক চিঠিসহ একটি বক্স উদ্ধারের ঘটনাও ঘটে। ৯ নভেম্বর রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের সামনে থেকে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে হুমকি দেওয়া একটি চিঠিসহ বক্সটি উদ্ধার করা হয়। এসব ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে কয়েকটি প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। ককটেল বিস্ফোরণে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে গত ১২ নভেম্বর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী মো. রায়হান খানকে সাময়িক বহিষ্কার করা হয়। একই ঘটনায় প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী নিপু ইসলাম তন্বী ও মোহাম্মদ আমান উল্লাহকে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলাও করা হয়েছে।

এদিকে নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় গত ১০ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট ও কলাপসিবল গেট স্থাপন, পুলিশি টহল জোরদার, অচল সিসিটিভি ক্যামেরা মেরামত এবং ভবিষ্যতে এআই ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়।

সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে বিদেশি শিক্ষার্থীদের মধ্যেও। ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় নির্ধারিত সময়ের আগেই কোর্স অসমাপ্ত রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয়ের শর্ট কোর্সে অংশ নিতে আসা আটজন চীনা শিক্ষার্থী। সব মিলিয়ে সাম্প্রতিক নাশকতা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে ক্যাম্পাসে প্রবেশ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।