১৫ বছর বয়সেই অধিনায়ক হয়ে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

বয়স এখনো ১৬ হয়নি। অথচ এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, আইপিএলে একের পর এক রেকর্ড এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন বৈভব সূর্যবংশী। এবার অধিনায়কত্বেও ইতিহাস গড়লেন ভারতের এই বিস্ময়বালক। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের হয়ে অধিনায়কত্ব করতে নেমেই ইতিহাসের পাতায় নাম লেখান সূর্যবংশী। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে দলকে নেতৃত্ব দেন ১৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।
এর আগে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। ২০২৫ সালের ৭ আগস্ট সাইপ্রাসের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
এবার সেই রেকর্ড প্রায় দুই বছর কম বয়সেই নিজের করে নিলেন সূর্যবংশী।
শুধু বিশ্বরেকর্ডই নয়, ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটেও সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার কীর্তি গড়েছেন তিনি। এর আগে ২০১৮ সালে ১৮ বছর ৬৭ দিন বয়সে রাজস্থানকে নেতৃত্ব দিয়ে এই রেকর্ড গড়েছিলেন মহিপাল লোমরোর।
অধিনায়কত্বের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যবংশী। তবে ব্যাট হাতে খুব বেশি আলো ছড়াতে পারেননি। সৌরাষ্ট্রের বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
আউট হওয়ার আগে ১২ বলে দুই চার ও এক ছক্কায় করেন ১৮ রান। তার দল বিহার নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৩৭ রান।
এর আগে ৬ নভেম্বর সৈয়দ মুশতাক আলী ট্রফির প্রথম দুই ম্যাচের জন্য সূর্যবংশীকে অধিনায়ক ঘোষণা করেছিল বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন। ১৭ সদস্যের সেই দলে সহ-অধিনায়ক করা হয় সূর্য কাশ্যপকে।
তবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা একেবারে নতুন নয় সূর্যবংশীর জন্য।
চলতি মৌসুমে দুলিপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি। আগস্টে প্রতিযোগিতার সেমিফাইনালে সেন্ট্রাল জোনের বিপক্ষে নিয়মিত অধিনায়ক ইশান কিষাণ চোটের কারণে মাঠ ছাড়লে সাময়িকভাবে দলকে নেতৃত্বও দিয়েছিলেন।
তবে সেটি ছিল ম্যাচের মাঝপথে দায়িত্ব নেওয়া। এবার প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ের কোনো দলের নিয়মিত অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন সূর্যবংশী। আর প্রথম ম্যাচেই গড়েছেন বিশ্বরেকর্ড।
অথচ তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও খুব বেশি দিনের পুরোনো নয়।
চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় সূর্যবংশীর। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সূর্যবংশী। তার ব্যাটে ভর করে ১০০ রানে ম্যাচ জিতে ষষ্ঠবারের মতো শিরোপা জেতে ভারত।
সেই প্রতিযোগিতায় ৪৩৯ রান করে টুর্নামেন্টসেরার পুরস্কারও জিতেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
আইপিএলেও রাজস্থান রয়্যালসের হয়ে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে আলোচনায় এসেছেন তিনি। ২০২৫ সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার রেকর্ড গড়েছিলেন।
সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন সূর্যবংশী। ওয়েলিংটনে তৃতীয় ম্যাচে অভিষেক শর্মার সঙ্গে মাত্র ৭.১ ওভারে ১৩৩ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। সেখানে তার অবদান ছিল ১৯ বলে ৪৫ রান।
সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি ছিল সূর্যবংশীর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচ। এর মধ্যে ২৩টি খেলেছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে। বিহারের হয়ে এটি ছিল তার অষ্টম টি-টোয়েন্টি ম্যাচ।
তবে বিহারের হয়ে নেতৃত্বের অধ্যায় আপাতত দীর্ঘ হচ্ছে না তার।
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) রেলওয়েজের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার কথা রয়েছে সূর্যবংশীর। এরপর ভারত 'এ' দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আগামী ১৯ নভেম্বর থেকে কাতারের দোহায় শুরু হবে এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপ। ৫০ ওভারের এই প্রতিযোগিতায় ভারত 'এ' দলের অধিনায়ক তিলক ভার্মা। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন রিঙ্কু সিং।
টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ২০ নভেম্বর নেপালের বিপক্ষে। এরপর ২২ নভেম্বর পাকিস্তান 'এ' এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা।



