logo

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা পারভেজ গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা পারভেজ গ্রেপ্তার
খালিদ পারভেজ। ছবি: তার ফেসবুক আইডি থেকে নেওয়া

ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০২)।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-২।

এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের নামে পর্নোগ্রাফির একটা মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। যে থানা থেকে তার রিকুইজিশন দেওয়া আছে, সেটার ভিত্তিতে তাকে আটক করা হয়। প্রথমে তাকে হাতিরঝিল থানায় দেওয়া হয়েছে। পরে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হবে।

গ্রেপ্তার খালিদ পারভেজ ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য। পারভেজ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।

গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে মামলাটি করেন লাকী আক্তার। পরে ৯ জুলাই মামলাটি এজাহারভুক্ত হয়। এ বিষয়ে খালিদ পারভেজসহ (২৭) অপর অভিযুক্ত রবিউল ইসলাম (২৯)।

বিএনপির পাতাকা হাতে খালিদ পারভেজ। ছবি: তার ফেসবুক আইডি থেকে নেওয়া
বিএনপির পাতাকা হাতে খালিদ পারভেজ। ছবি: তার ফেসবুক আইডি থেকে নেওয়া

মামলার নথি অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের লাকী আক্তার বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ করেন। পরে ঠাকুরগাঁও আমলি আদালতের সিআর ৬৭৪/২০২৬ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। পরে ১৬ জুন ওই নারীকে না জানিয়ে তাকে তালাক দেন খালিদ। তালাকের পরও তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরে প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ জুন সকাল ১০টার দিকে খালিদ ফেসবুকে নিজের আইডি থেকে ওই নারীর গোপন ছবি ও ভিডিও প্রকাশ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।

মামলার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩, মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর খালিদ পারভেজকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।