বাবার ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল দুই সন্তানের নিথর দেহ

চট্টগ্রামের বাঁশখালীতে ঝুলন্ত বাবার মরদেহের পাশে পড়ে ছিল পাঁচ মাস বয়সি যমজ দুই কন্যাসন্তানের নেথর দেহ। দুই কন্যাসন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে বাবা মো. জাহেদ (৫৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনেরা। ঘটনার সময় মরদেহের পাশ থেকে উদ্ধার করা একটি চিরকুটে নিজেদের মৃত্যুর জন্য শাশুড়িকে দায়ী করেছেন জাহেদ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ি থেকে দুই শিশুসহ জাহেদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
নিহত দুই শিশু হলো—জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। তাদের বাবা জাহেদ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে যমজ দুই মেয়ের জন্য মানত করায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান জাহেদের স্ত্রী আফিয়া বেগম। যাওয়ার সময় দুই মেয়েকে সঙ্গে নিতে চাইলেও জাহেদ তাতে আপত্তি জানান এবং শিশুদের বাড়িতে রেখে যেতে বলেন।
বিকেলে বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে আশপাশের লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবুল বশর এশিয়া পোস্টকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এসময় বিছানার ওপর দুই শিশুর মরদেহ এবং ঘরের পাকা পিলারের সঙ্গে জাহেদের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এতে লেখা ছিল, আমাদের মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী। ২ লাখ ৬০ হাজার টাকা শাশুড়ির কাছ থেকে পাব।
পুলিশের প্রাথমিক ধারণা, শাশুড়ির অস্ত্রোপচারের জন্য খরচ করা ২ লাখ ৬০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে বিরোধ এবং মানসিক হতাশা থেকে দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন জাহেদ।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আকমল হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। যেহেতু মূল অভিযুক্ত ব্যক্তি নিজেই মারা গেছেন, তাই এ ঘটনায় নতুন কাউকে আটকের সুযোগ নেই। নিহতের পরিবারও এ বিষয়ে কোনো অভিযোগ না জানিয়ে অপমৃত্যুর মামলাটি মেনে নিয়েছে।
