logo

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার, এখন বাকি সিদ্ধান্ত ভারতের বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন বলে জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণ ও আইনি ব্যাখ্যার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি, এখন তারা (ভারত) কী করবে সেটা তাদের বিষয়।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে চুক্তির আওতায় যখন প্রত্যর্পণ করা হবে, সেটাও একটা আইনি প্রক্রিয়া। এই ধরনের মামলায় আপিল করার আইনি কোনো সুযোগ নেই। কারণ বিশেষ আইনে আপিল করার কোনো সুযোগ রাখেনি।’

আসাদুজ্জামান বলেন, ‘আমাদের একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানে ১৯৭৩ সালে উনার (শেখ হাসিনা) বাবা যে আইন সংশোধনী এনে গেছেন। ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে—মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবে না। এটা ওনাদের করা।’

তদন্ত সংস্থা ও প্রসিকিউশন চব্বিশের গণ-অভ্যুথানে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে যা যা সহযোগিতা লাগে সরকার করবে। তবে আওয়ামী লীগের বিচারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।’

আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ ধরনের মামলায় আপিলের নির্ধারিত সময় পার হলে তা মওকুফের (কনডোনেশন) কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ সুযোগ রাখা হয়নি। শেখ হাসিনার সরকার এই আইন করে গেছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ উপঅনুচ্ছেদের প্রসঙ্গ টেনে বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে মৌলিক অধিকারের দাবির সুযোগও সীমিত করা হয়েছে।

নাছির আহমেদ

সম্পাদনা

নাছির আহমেদ

অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর | এশিয়া পোস্ট