logo

আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের আভাস, আলোচনা শুরু

আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের আভাস, আলোচনা শুরু
সর্বশেষ আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের দৃশ্য। ছবি: টিওয়াইসি স্পোর্টস

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধ্যায় শুরু করেছে আর্জেন্টিনা। আর সেই অধ্যায়ের শুরুতেই দেখা যেতে পারে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় ফুটবল দ্বৈরথ। দীর্ঘ সাত বছরের বেশি সময় পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের। আগামী বছরের মার্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে একটি ম্যাচ আয়োজনের আলোচনা চলছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০১৯ সালের পর প্রথমবার প্রীতি ম্যাচে দেখা যাবে দুই দলকে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস শুক্রবার (১৩ নভেম্বর) জানিয়েছে, ২০২৭ সালের মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে ৯ নভেম্বর আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম দোবলে আমারিয়া জানায়, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে এএফএর আলোচনা বেশ এগিয়েছে। দুই দেশের কেউই নিজেদের মাঠে ম্যাচটি আয়োজন করতে চাইছে না। ফলে নিরপেক্ষ কোনো ভেন্যুতে দ্বৈরথটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।

ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ম্যাচটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তবে সম্ভাব্য ভেন্যু কিংবা নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানা যায়নি।

মূলত ২০৩০ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরুর সময়সূচি নিয়ে অনিশ্চয়তা থেকেই এই পরিকল্পনা।

আগামী বছরের শুরুর দিকে বাছাইপর্ব শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও সেটি পিছিয়ে যাওয়ার আলোচনা চলছে। সেক্ষেত্রে মার্চের আন্তর্জাতিক বিরতিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাতে চায় আর্জেন্টিনা ও ব্রাজিল।

ফিফার নির্ধারিত আন্তর্জাতিক সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২২ থেকে ৩০ মার্চ জাতীয় দলগুলোর ম্যাচ আয়োজনের সুযোগ রয়েছে। এই সময়ে সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারবে প্রতিটি দল। সেই সময়ের মধ্যেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে মুখোমুখি করার চেষ্টা চলছে।

শুধু বিশ্বকাপ বাছাইপর্ব নয়, ২০২৮ সালের কোপা আমেরিকাও রয়েছে দুই দেশের ভবিষ্যৎ পরিকল্পনায়। বড় টুর্নামেন্টের আগে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগ হিসেবে সম্ভাব্য ম্যাচটিকে দেখছে দুই পক্ষ।

শেষ পর্যন্ত আলোচনা সফল হলে দীর্ঘ সাত বছরের বেশি সময় পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল।

সবশেষ ২০১৯ সালের ১৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে প্রীতি ম্যাচে দেখা হয়েছিল দুই দলের। কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে লিওনেল মেসির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।

সেদিন ম্যাচের শুরু থেকেই উত্তেজনার কমতি ছিল না। নবম মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি গ্যাব্রিয়েল জেসুস। তার শট গোলপোস্টের বাইরে চলে যায়।

কিছুক্ষণ পর পেনাল্টি পায় আর্জেন্টিনাও। মেসির নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার। তবে ফিরতি বল জালে পাঠিয়ে ১৩ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।

সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ব্রাজিলের বিপক্ষে ওই ম্যাচটি মেসির জন্যও বিশেষ ছিল। ২০১৯ সালের কোপা আমেরিকার পর নিষেধাজ্ঞার কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। জাতীয় দলে ফেরার ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে সেই ম্যাচের পর প্রীতি ম্যাচে দেখা না হলেও আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিদ্বন্দ্বিতা থেমে থাকেনি।

২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। আনহেল দি মারিয়ার একমাত্র গোলে দীর্ঘ ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপাখরা কাটিয়েছিল আলবিসেলেস্তেরা।

সেই বছরের নভেম্বরেই বিশ্বকাপ বাছাইপর্বে আবার মুখোমুখি হয় দুই দল। আর্জেন্টিনার সান হুয়ানে অনুষ্ঠিত ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

এরপর ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলের মাঠে ঐতিহাসিক জয় পায় আর্জেন্টিনা। রিও ডি জেনেইরোর মারাকানায় নিকোলাস ওতামেন্দির গোলে ১-০ ব্যবধানে জেতে স্কালোনির দল। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে ঘরের মাঠে সেটিই ছিল ব্রাজিলের প্রথম পরাজয়।

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৫ সালের ২৫ মার্চ। সেদিন বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা।

জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ানো সিমেওনের গোলে বড় জয় পায় স্বাগতিকরা। ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন ম্যাথেউস কুনিয়া।

অর্থাৎ ২০১৯ সালের শেষ প্রীতি ম্যাচের পর ব্রাজিলের বিপক্ষে চারটি আনুষ্ঠানিক ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে তিনটি জিতেছে এবং একটি ড্র করেছে তারা। গত কয়েক বছরে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই ধারাবাহিকতাই দুই দলের পরবর্তী লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা।

২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। গত অক্টোবরে বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলার পর তাকে ছাড়াই নতুন দল গড়ার কাজ শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি।

সেই নতুন অধ্যায়ের শুরুটা অবশ্য সুখকর হয়নি আর্জেন্টিনার। শুক্রবার বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে তারা। মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই দীর্ঘদিনের প্রীতি ম্যাচের অপরাজিত থাকার ধারাও শেষ হয়েছে আলবিসেলেস্তেদের।

অন্যদিকে ব্রাজিলও ২০২৬ বিশ্বকাপের পর নতুন করে দল সাজানোর প্রক্রিয়ায় রয়েছে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয় করে পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট