logo

মারা গেছেন মার্চে, ৯ নভেম্বরের ঘটনায় মামলার আসামি আ.লীগ নেতা

মারা গেছেন মার্চে, ৯ নভেম্বরের ঘটনায় মামলার আসামি আ.লীগ নেতা
পদ্মা সেতু (দক্ষিণ) থানা, ইনসেটে সামচু ঢালী। ছবি: এশিয়া পোস্ট

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সামচু ঢালীকে আসামি করা হয়েছে। অথচ ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তিনি মারা গেছেন। চলতি বছরের ২৯ মার্চ তার মৃত্যু হলেও ৯ নভেম্বর দিবাগত রাতে সংঘটিত ঘটনার পর দায়ের করা মামলার এজাহারে তার নাম রয়েছে ২১৯ নম্বরে।

সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

মামলার নথি অনুযায়ী, ৯ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহনে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। ওই এজাহারেই সামচু ঢালীর নাম রয়েছে।

তবে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সামচু ঢালী চলতি বছরের ২৯ মার্চ মারা গেছেন। অর্থাৎ মামলায় বর্ণিত ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তার মৃত্যু হয়।

জানা যায়, ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে বিপুলসংখ্যক যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে মামলা করেন। মৃত ব্যক্তিকে মামলার আসামি করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ব্যঙ্গাত্মক মন্তব্যও দেখা গেছে। কেউ কেউ বিদ্রূপ করে লিখেছেন, মৃত্যুর পরও তিনি নাকি দলের কর্মসূচিতে অংশ নিতে ‘কবর থেকে উঠে’ এসেছেন।

সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।

তিনি আরও বলেন, সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট