ব্যাংকের টাকা আত্মসাৎ করে জমি ক্রয়, দম্পতি গ্রেপ্তার

নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মূলহোতা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আত্মসাৎ করা ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. আবুল হাসানের ছেলে ও ইসলামী ব্যাংকের বিনিয়োগ গ্রাহক মো. শহিদুল ইসলাম (রিপন) ২০১৫ সালে ১ লাখ টাকা সীমার ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ গ্রহণ করেন।
পরবর্তীতে আসামি শহিদুল ইসলাম পূবালী ব্যাংক পিএলসি-এর এটিএম/সিআরএম বুথ থেকে এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর শুরু করেন। প্রথমে ১ লাখ টাকার নিচে লেনদেন করা হলেও পরে তা বাড়িয়ে প্রতি লেনদেনে ২ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়, যা অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থি। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত প্রায় ৪২০টি বা ততোধিক লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান এবং ডিবি ইনচার্জ মো. হাসিবুর রহমানের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পুলিশের এই চৌকস দল বগুড়া সদরের বিভিন্ন স্থানে একটানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে প্রধান আসামি মো. শহিদুল ইসলাম রিপন ও তার স্ত্রী মালিহা তাবাসসুম নিশিকে গ্রেপ্তার করে। আসামিদের দেওয়া তথ্যমতে, বগুড়ায় তাদের শোবার ঘরের কাঠের আলমারিতে থাকা ব্যাগ থেকে নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের কথা স্বীকার করেছেন। এই অর্থ দিয়ে তারা বগুড়ায় ১ কোটি টাকায় জমি কিনেছেন এবং বিলাসী জীবনযাপন করে আসছিলেন বলে পুলিশ জানায়। এই ঘটনার সঙ্গে অন্য কেউ বা ব্যাংকের কোনো অসাধু চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও গভীর তদন্ত চলছে।
