logo

প্রতিমন্ত্রী ফরহাদের ভাই ও ভাগনের স্ত্রী পেলেন সারের ডিলারশিপ

প্রতিমন্ত্রী ফরহাদের ভাই ও ভাগনের স্ত্রী পেলেন সারের ডিলারশিপ
ছবি: যুগান্তর থেকে নেওয়া

পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই এবং ভাগনের স্ত্রী সারের নতুন ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি নিয়োগের তালিকা প্রকাশের পর দেখা গেছে, পঞ্চগড়ে ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের প্রায় সবাই ক্ষমতাসীন দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক।

বিষয়টি নিয়ে কৃষি মন্ত্রণালয়, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক, কমিটির সদস্যসচিব ও জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সার ডিলার হিসেবে আবেদনকারীরা।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, পঞ্চগড়ের ৪৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার মধ্যে ২৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নে সাতজন ডিলার, সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে ছয়জন ও একটি পৌরসভায় একজন, আটোয়ারী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে পাঁচজন, বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে পাঁচজন ও একটি পৌরসভায় একজন এবং দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে পাঁচজন ও একটি পৌরসভায় একজন ডিলার নিয়োগ পেয়েছেন।

সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের সবাই ক্ষমতাসীন দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতারাও রয়েছেন। কেউ নিজের নামে, কেউ স্ত্রীর নামে আবেদন করেছেন। কেউ কেউ তিনটির বেশি সার ডিলারশিপ হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়ে আলোচনায় রয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই এবং বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর লায়ন। তিনি মেসার্স প্যারেন্টস ট্রেডার্স নামে সার ডিলারশিপ পেয়েছেন। জেলায় যেখানে কোনো কোনো ইউনিয়নে ১৬ জন পর্যন্ত ডিলার হতে আবেদন করেছেন, সেখানে ওই ইউনিয়নে একমাত্র সার ডিলার হিসেবে তিনিই আবেদন করেছেন। অন্য কোনো আবেদনকারীর নাম বাছাই তালিকায় পাওয়া যায়নি।

এ ছাড়া বোদা পৌরসভার সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রীর ভাগনে ও বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের স্ত্রী আনোয়ারা পারভীন। তিনি মেসার্স আরিয়ান ট্রেডার্স নামে সার ডিলারশিপ পেয়েছেন। তবে তার পাশাপাশি আরও তিনজন সার ডিলার হিসেবে আবেদন করেছিলেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রীর ছোট ভাই হুমায়ূন কবীর লায়নের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি নিউজ করে দেন, নিউজ করে দেন।’ এ কথা বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন।

অন্য উপজেলায় কারা নিয়োগ পেলেন-

তেঁতুলিয়া উপজেলা

জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন। শালবাহান ইউনিয়নে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সুলতানা রাজিয়া। তেঁতুলিয়া সদর ইউনিয়নে তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. এরশাদুল হক, বুড়াবুড়ি ইউনিয়নে তেঁতুলিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফ হোসেন ইমন, বাংলাবান্ধা ইউনিয়নে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরের এপিএসের নিকটাত্মীয় মো. আহসান হাবীব, তিরনইহাট ইউনিয়নে মরিচের বড় ব্যবসায়ী বিএনপি নেতা মো. ফারহান সাদিক এবং দেবনগড় ইউনিয়নে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরের ভাগনিজামাই মো. পারভেজ রেজা ইমন ডিলার নিয়োগ পেয়েছেন।

সদর উপজেলা

পঞ্চগড় সদর ইউনিয়নে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান বাবু। পঞ্চগড় পৌরসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মনিরুজ্জামান মানিক, হাড়িভাসা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুলের স্ত্রী মোছা. মাহফুজা প্রধান, হাফিবাজাদ ইউনিয়নে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরের নিকটাত্মীয় মো. খাজা নাজিমুদ্দীন, চাকলাহাট ইউনিয়নে নব্য বিএনপি নেতা মো. সারোয়ার হোসেন এবং মাগুড়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বিএনপিতে নতুন যোগ দেওয়া সমর্থক ও মরিচ ব্যবসায়ী রবিউল ইসলাম নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া অমরখানা ইউনিয়নে নব্য বিএনপি কর্মী লুকমান হোসেন লিয়ন নিয়োগ পেয়েছেন। তার নামে চাচা আমির আলীর ডিলারশিপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি চাচার দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। তার চাচার বিএডিসি ও বিসিআইসির সার ডিলারশিপ এবং টিসিবির ডিলারশিপ রয়েছে।

বোদা উপজেলা

বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে নিয়োগ পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই মো. হুমায়ূন কবীর লায়ন। বোদা পৌরসভায় নিয়োগ পেয়েছেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের স্ত্রী ও পানিসম্পদ প্রতিমন্ত্রীর ভাগ্নের স্ত্রী আনোয়ারা পারভীন।

এ ছাড়া ঝলইশালশিরি ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, ময়দানদিঘী ইউনিয়নে বোদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রাফির স্ত্রী সুলতানা রাজিয়া, বেংহারি বনগ্রাম ইউনিয়নে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনিসুর রহমান এবং সাকোয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন শামীম নিয়োগ পেয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা

দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপির স্ত্রী সবনাম মোস্তারী। শালডাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, দেবীগঞ্জ ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক মো. পান্নু মিয়া, দণ্ডপাল ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, দেবীডুবা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মজনুর স্ত্রী মোছা. মমতাজ বেগম এবং চেংঠীহাজরা ডাঙ্গা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ডালিম কুমার রায় নিয়োগ পেয়েছেন।

আটোয়ারী উপজেলা

আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে নিয়োগ পেয়েছেন আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলালের স্ত্রী নার্গিস আক্তার। আলোয়াখোয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য তৌহিদুল ইসলামের স্ত্রী মমতাজ খানম, রাধানগর ইউনিয়নে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরের পিএস তুষার কান্তি রায়ের চাচা মৃনাল কান্তি রায় এবং বলরামপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলামের ছেলে মো. ফাহিম মোরশেদ তীব্র নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া তোড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে আসা নব্য বিএনপি সমর্থক মির্জা মো. আব্দুল কাদের নিয়োগ পেয়েছেন। তার বাবা আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারের সার ব্যবসায়ী শফিকুর রহমানের নামে বিএডিসি ও বিসিআইসির সার ডিলারশিপ রয়েছে। তার ভাই ওমর ফারুকের নামে রয়েছে টিসিবির ডিলারশিপ।

আটোয়ারী উপজেলার বাসিন্দা জাকির হোসেন বলেন, একাধিক সারের লাইসেন্স থাকার পরও অনেকে আবারও ডিলার নিয়োগ পেয়েছেন। ছাত্রলীগের রাজনীতি করা একজন ব্যক্তিও সারের লাইসেন্স পেয়েছেন। বিষয়গুলো তদন্ত করে প্রকৃত সার ব্যবসায়ীদের ডিলার নিয়োগ করা হোক।

পঞ্চগড় সদর উপজেলার অভিযোগকারী ছোলায়মান আলী বলেন, অমরখানা ইউনিয়নে সার ডিলারের তালিকায় যার নাম এসেছে, তার পরিবারের আরও দুটি সারের লাইসেন্স রয়েছে। তিনি ওই দোকানে কর্মচারী ছিলেন। তার নিজের কোনো সারের গুদাম নেই। তিনি তো আবেদন করারই যোগ্যতা রাখেন না। যারা যাচাই-বাছাইয়ের দায়িত্বে ছিলেন, তারা কীভাবে এটি করলেন? আমি সব কাগজপত্র ঠিকঠাক দিলেও আমার নামই পাঠানো হয়নি। তদন্ত করে তার নাম বাদ দিয়ে প্রকৃত ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হোক।

তেঁতুলিয়া উপজেলার সার ব্যবসায়ী জয়লান আবেদীন বলেন, সারের ডিলারের তালিকায় যাদের নাম এসেছে, তারা সবাই বিএনপির নেতা ও কর্মী। তাহলে এই তামাশা করার দরকার ছিল না। তারা ডেকে নিজেদের লোকজনকে ডিলারশিপ দিয়ে দিলেই পারতেন। আমরা শুধু সময় ও অর্থ নষ্ট করে আবেদন করলাম।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) পঞ্চগড় জেলার সংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু বলেন, সার ডিলারের তালিকায় যাদের নাম এসেছে, তারা ক্ষমতাসীন দলের লোকজন। এটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না। সার ব্যবসা সম্পর্কে যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা সার ডিলার নিয়োগ পেলে সার বিতরণব্যবস্থা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।

পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন বলেন, নিয়ম অনুযায়ী উপজেলা থেকে প্রতি ইউনিয়ন ও পৌরসভার জন্য তিনজন করে নাম পাঠিয়েছে উপজেলা কমিটি। আমরা তাদের কাগজপত্র দেখে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। উপজেলা কমিটি যে ক্রমিক অনুসারে নাম পাঠিয়েছে, আমরাও সেই ক্রমেই পাঠিয়েছি। যাচাই-বাছাইয়ের দায়িত্ব উপজেলা কমিটির।

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, সারের ডিলার নিয়োগ নিয়ে যে অভিযোগ দেওয়া হয়েছে, তা এখনও দেখিনি। অভিযোগের আলোকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট