logo

উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নেছারাবাদ উপজেলা পরিষদ ভবন। ছবি : এশিয়া পোস্ট

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনের চারতলায় সেফটি নেট স্থাপনের কাজ করতে গিয়ে নিচে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নতুন ভবনের সেফটি নেট স্থাপনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জসিম (৩৫) পাশের কাউখালী উপজেলার মো. ইদ্রিস আলীর ছেলে।

জানা গেছে, উপজেলা পরিষদের নতুন ভবনের পঞ্চম তলার নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে চারপাশে সেফটি নেট স্থাপনের কাজ চলছিল। এ সময় ভবনের এক পাশে লোহার অ্যাঙ্গেলের ওপর বসানো টিনের শেডে বসে অ্যাঙ্গেল ঝালাই করছিলেন জসিম। একপর্যায়ে টিনের শেডটি ভেঙে গেলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উঁচু ভবনে ঝুঁকিপূর্ণ কাজের সময় শ্রমিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে সেফটি বেল্ট ব্যবহার করা হলে হয়তো এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

ভবন নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. শামীম বলেন, এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তারা যেভাবে চাইবেন, সেভাবেই সহযোগিতা করা হবে।

নেছারাবাদ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, ওই শ্রমিক সেফটি বেল্ট পরে কাজে মনোযোগ দিলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো যেত।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহিন আহমেদ বলেন, রাতে ওই শ্রমিককে হাসপাতালে আনার সময় তার রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, সেফটি নেট স্থাপনের সময় টিনের শেডের ওপর বসে অ্যাঙ্গেল ঝালাই করার সময় ওই শ্রমিক ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যুর খবর জানতে পেরেছেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট