logo

৩৮ প্রেক্ষাগৃহে সাইমন-মাহির ‘আনন্দ আশ্রু’

৩৮ প্রেক্ষাগৃহে সাইমন-মাহির ‘আনন্দ আশ্রু’
‘আনন্দ অশ্রু’ সিনেমার পোস্টারে সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ছবি: নির্মাতার সৌজন্যে

মুক্তি পেয়েছে সাইমন সাদিকের প্রযোজনায় প্রথম সিনেমা ‘আনন্দ অশ্রু’। শুক্রবার (১৩ নভেম্বর) দেশের ৩৮ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তিপায় এটি। ঈদের পর এখন পর্যন্ত এটিই সর্বাধিক হলে মুক্তিপ্রাপ্ত সিনেমা।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে সিনেমায় কেন্দ্রীয় চরিত্র সাইমন সাদিক ও মাহিয়া মাহি।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের সঙ্গে সিনেমায় কেন্দ্রীয় চরিত্র সাইমন সাদিক ও মাহিয়া মাহি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। তবে মুক্তির এই আনন্দঘন সময়ে তাদের কেউই দেশে নেই। সাইমন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবং মাহি ভারতের কলকাতায় অবস্থান করছেন। বিদেশের মাটিতে বসেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রচারণা চালাচ্ছেন তারা।

নায়ক-নায়িকা দেশের বাইরে থাকলেও সিনেমাটির প্রচারণা ও সাফল্য নিয়ে বেশ আশাবাদী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি বলেন, ‘নায়ক-নায়িকা দেশে না থাকলেও সিনেমাটি মুক্তি ও প্রচারণায় কোনো সমস্যা হচ্ছে না। দেশে থাকলেও প্রতিষ্ঠিত বেশির ভাগ শিল্পী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমেই প্রচারণা চালান। আমার প্রধান দুই শিল্পীও বাইরে থেকে সেই কাজটিই করছেন। এখন দর্শক সিনেমাটি কতটা পছন্দ করেন, সেটিই দেখার অপেক্ষায় আছি।’

সিনেমা হলের তালিকা।
সিনেমা হলের তালিকা।

এর আগেও মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘জান্নাত’ সিনেমায় জুটি বেঁধেছিলেন সাইমন ও মাহি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন সাইমন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাইমন সাদিক; এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হওয়া মাহিয়া মাহি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছার কথা জানালেও নতুন কোনো কাজে তাকে দেখা যায়নি এবং ২০২৫ সালের জুনে তার দেশ ছাড়ার খবর প্রকাশ্যে আসে। দুই তারকার প্রবাস জীবনের মাঝেই অবশেষে প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে এলো ‘আনন্দ অশ্রু’।