logo

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবার স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়াও তালিকায় বাংলাদেশ থেকে আরও জায়গা পেয়েছেন দুই নারী মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা।

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে তাদের নাম তালিকাভুক্ত হয়েছে।

সম্প্রতি প্রকাশিত তালিকায় তারেক রহমানকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বাধীন দল বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়।

এর মধ্য দিয়ে দলটি আবার রাষ্ট্রক্ষমতায় ফেরে ও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। নতুন সরকারের প্রধান হিসেবে রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তার ভূমিকার স্বীকৃতিতে তাকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ থেকে তালিকায় থাকা অন্য দুই ব্যক্তি ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে স্থান পেয়েছেন। তাদের একজন ড. হামিদা হোসেন। তিনি প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা।

অন্যজন রাজিয়া সুলতানা। তিনি একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট এবং শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষায় কাজের জন্য আন্তর্জাতিক পরিসরে পরিচিতি পেয়েছেন তিনি।

এর আগে ২০২৬ সালের সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের সংস্করণে তার নাম নেই।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়।

তালিকায় কেবল শীর্ষ ৫০ ব্যক্তিকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রম ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

2027-TheMuslim500-lowRes

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট