logo

অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, বরগুনায় চার নার্সকে শোকজ

অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, বরগুনায় চার নার্সকে শোকজ
বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ফটক। ছবি: এশিয়া পোস্ট

বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে মো. মামুন (২৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তবে স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হাসপাতালে দায়িত্বে থাকা নার্সদের অসুস্থতার বিষয়টি বারবার জানালেও কোনো গুরুত্ব দেননি তার। আর এ কারণেই চিকিৎসা সেবা না পেয়ে ওই রোগীর মৃত্যুর হয়। পরবর্তীতে এ ঘটনায় সংশ্লিষ্ট ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা অভিযুক্ত চার নার্সকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত ওই চার নার্সকে কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে ভুক্তভোগী রোগী মামুনের মৃত্যু হয়।

অভিযুক্ত নার্সরা হলেন আফরিন জান্নাত, শীলা হাওলাদার, রুমানা ফেরদৌস ও মাহফুজা আক্তার। তারা সবাই বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শানোর ওই নোটিশের জবাব দিতে নির্দেশ দিয়েছে হাসপাতালে কর্তৃপক্ষ।

কারণ দর্শানোর ওই নোটিশে উল্লেখ করা হয়, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা মো. মামুনকে অসুস্থ অবস্থায় গতকাল দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালের মেডিসিন বিভাগে তাকে ভর্তি করা হয়। তবে ভর্তি হওয়া রোগী মামুনের ব্যবস্থা পত্রের যথাযথ ব্যবস্থা না করে ডেস্কে বসে থেকে রোগী নাটক করছেন বলে জানান কর্তব্যরত নার্সরা। এরপর ওই দিন রাত ১১টার দিকে মামুনের শারীরিক অবস্থার অবনতি হয়ে রক্ত ভমি করতে থাকা অবস্থায় মৃত্যু হয়।

এ ছাড়া আরও উল্লেখ করা হয়, অসুস্থ অবস্থায় মামুন মারা যাওয়ার আগে ও পরে তার সম্পর্কে ইমার্জেন্সি বিভাগে কর্মরত চিকিৎসককে অবহিত না করে নার্সরা ডেস্কে বসে থাকেন। পরে রোগীর স্বজন ও স্থানীয়রা হাসপাতালে গিয়ে ডেস্কে বসে থাকাসহ খারাপ আচরণ ও অবহেলার দাবিতে কর্তব্যরত ওই নার্সদের বিরুদ্ধে অভিযোগ করেন। এ কারণেই দায়িত্বে অবহেলা ও খারাপ আচরণের অভিযোগে হাসপাতালে কর্তব্যরত ওই চার সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন মোসা. সেতারা বেগম বলেন, রাতে মারা যাওয়া ওই রোগীর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। নার্সদেরকে বিষয়টি জানালেও তারা কোনো গুরুত্ব দেননি। বারবার বলার পরেও নার্স না আসায় সঠিক চিকিৎসা না পেয়ে ওই রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু মারা যাওয়ার প্রায় ৩০ মিনিট পর নার্স এসে ইসিজি করেন।

অভিযোগের বিষয় জানতে হাসপাতালে দায়িত্বে থাকা অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স রুমানা ফেরদৌসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, মারা যাওয়া ওই রোগীর সঙ্গে শুধু তার মা ছাড়া আর কোনো স্বজন ছিল না। অসুস্থতার বিষয়ে আমাদেরকে জানালে চিকিৎসকের কাছে পাঠিয়ে অক্সিজেনের ব্যবস্থা করেছি। এ ছাড়া প্রয়োজনীয় মেডিসিনও তাকে দেওয়া হয়েছে। রোগী বা স্বজনদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।

এ বিষয়ে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।