আটক সেই ৩৭ কিশোরকে আদালতে পাঠাল পুলিশ

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজে জড়ো হওয়া এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সন্দেহে আটক ৩৭ কিশোরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদর থানা থেকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটসংলগ্ন মোল্লাচর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে নোঙর করা একটি কার্গো জাহাজ থেকে ৭-৮ জনকে আটক করে পুলিশ। এ ছাড়া স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন—এমন খবর পেয়ে নদীতীরে অবস্থান নেয় পুলিশ। এ সময় ট্রলারে করে দলবদ্ধভাবে আসা কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
তিনি আরও জানান, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কার্গো জাহাজ থেকে আরও কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। একত্র হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

