দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিল করবে সুইডেন

সংবিধানের মাধ্যমে দ্বৈত নাগরিকত্বধারীদের নাগরিকত্ব বাতিলের সুযোগ তৈরি করছে সুইডেন। গত ১১ নভেম্বর দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত একটি সংশোধনী অনুমোদন করা হয়। এতে প্রতারণার মাধ্যমে সুইডিশ নাগরিকত্ব অর্জন করলে অথবা জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ অপরাধে দোষী সাব্যস্ত হলে দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিল করা যাবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইনফোমাইগ্র্যান্টস।
পার্লামেন্টে সংশোধনীর পক্ষে ২৯২টি এবং বিপক্ষে ৫১টি ভোট পড়ে। তবে সংশোধনীটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের দায়িত্ব থাকবে পরবর্তী সরকারের ওপর।
নতুন এই সংশোধনীর ফলে এমন আইন প্রণয়নের সুযোগ তৈরি হয়েছে, যার মাধ্যমে দ্বৈত নাগরিকত্বধারীদের সুইডিশ নাগরিকত্ব বাতিল করা সম্ভব হবে। কেউ ‘মিথ্যা তথ্যের ভিত্তিতে’ নাগরিকত্ব অর্জন করলে অথবা সুইডেনের ‘অত্যাবশ্যকীয় স্বার্থের’ গুরুতর ক্ষতি করে, এমন অপরাধে দোষী সাব্যস্ত হলে তার নাগরিকত্ব বাতিলের বিধান করা যাবে।
প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন বিদায়ী মধ্য-ডান সরকার গত বছর জানিয়েছিল, সংগঠিত অপরাধের ঘটনায় দোষী সাব্যস্ত দ্বৈত নাগরিকত্বধারীদের নাগরিকত্ব বাতিলের উপায় নিয়ে তারা ভাবছে। অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাটস পার্লামেন্টে সরকারকে সমর্থন দিয়ে আসছে।
এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল। সুইডেনের সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টে দুটি পৃথক ভোটের বিধান রয়েছে। এই দুই ভোটের মধ্যবর্তী সময়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হয়। বুধবারের ভোটটি ছিল এ-সংক্রান্ত দ্বিতীয় ও চূড়ান্ত ভোট।
গত ১৩ সেপ্টেম্বরের নির্বাচনের পর দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় বর্তমানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন।
এ কারণে নতুন আইন প্রণয়নের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের দায়িত্ব থাকবে পরবর্তী সরকারের হাতে। নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে কোন কোন অপরাধকে বিবেচনায় নেওয়া হবে, তা নির্ধারণ করাও নতুন সরকারের দায়িত্বের মধ্যে পড়বে।
তবে মানবাধিকার সংগঠনগুলো এ পদক্ষেপের সমালোচনা করেছে।
মানবাধিকার সংস্থা সিভিল রাইটস ডিফেন্ডারসের আইনবিষয়ক উপদেষ্টা এইদা সামানি বুধবারের ভোটের আগে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, বাস্তবে এই প্রস্তাব সুইডিশ নাগরিকত্বের দুটি ধরন তৈরি করবে। একটি হবে শক্তিশালী নাগরিকত্ব, অন্যটি দুর্বল ও শর্তসাপেক্ষ নাগরিকত্ব। এটি আইনের দৃষ্টিতে সমান অধিকারের বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

