ববিতে এক বিভাগের নামের আগে ‘মো.’, শিক্ষার্থীদের ক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফুটবল দলের খেলোয়াড়দের তালিকায় এক শিক্ষার্থীর বিভাগের নামের আগে ‘মো.’ যুক্ত হওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে। শারীরিক শিক্ষা দপ্তরের অসতর্কতার কারণেই এমন ভুল হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতকৃত খেলোয়াড়দের তালিকায় এ অসংগতি দেখা যায়। তালিকাটিতে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. সিরাজিস সাদিক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল আলিম বছিরের স্বাক্ষর রয়েছে।
প্রকাশিত তালিকার ১২ নম্বর ক্রমিকে থাকা শিক্ষার্থী মো. মেহেদী হাসানের বিভাগের নাম উল্লেখ করা হয়েছে ‘মো. কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। অথচ বিভাগের প্রকৃত নাম ‘কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’। ব্যক্তির নামের আগে ব্যবহৃত ‘মো.’ কীভাবে একটি বিভাগের নামের সঙ্গে যুক্ত হলো, তা নিয়েই প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।

তাদের মতে, একটি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক তালিকায় এ ধরনের ভুল সংশ্লিষ্ট দপ্তরের অসতর্কতারই পরিচায়ক। তালিকাটি প্রকাশের আগে যথাযথভাবে যাচাই করা হলে এ অসংগতি এড়ানো সম্ভব হতো।
ববির শিক্ষার্থী রিপন মন্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলো কীভাবে চলে, তা জানি না। একটি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের মতো একটি বিভাগ এভাবে চলতে পারে না। আমরা সেখানে দপ্তরের পরিচালকের স্বাক্ষরও দেখেছি। তিনি কীভাবে যাচাই-বাছাই ছাড়াই স্বাক্ষর করলেন, সেটাই বড় প্রশ্ন। অন্য বিশ্ববিদ্যালয় থেকে বন্ধুবান্ধব ফোন করে এ নিয়ে মজা করছে।
কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রকি বলেন, আমাদের বিভাগকে হাসির পাত্র বানানোর জন্য ইচ্ছাকৃতভাবে এমন ভুল করেছে শারীরিক শিক্ষা দপ্তর। বর্তমান পরিচালক দায়িত্ব নেওয়ার পর থেকে এ দপ্তর একের পর এক ভুল করেই চলেছে। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার।
এ বিষয়ে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক সিরাজিস সাদিক বলেন, এটি একটি টাইপিং মিস্টেক (মুদ্রণজনিত ভুল)। বিষয়টি তখন আমাদের নজরে আসেনি। আমরা আগামীকাল পুনরায় সংশোধিত তালিকা প্রকাশ করব।
