
কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীর তীরে তিন কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ‘কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার’। নির্মাণকাজ শেষ হয়েছে এক বছরেরও বেশি সময় আগে। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি কার্যক্রম। জনবল সংকট ও আমলাতান্ত্রিক জটিলতায় তালাবদ্ধ হয়ে পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনাটি।
ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে ধানসিঁড়ি নদীর তীরে পার্কের আদলে গড়ে তোলা হয়েছে এই সংগ্রহশালা ও পাঠাগার। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ০.৪৫ একর জমিতে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় তিন কোটি ১৪ লাখ টাকা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করে। নির্মাণকাজ শেষ হওয়ার পর ২০২৫ সালের জুন মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান এটি হস্তান্তর করে। হস্তান্তরের এক বছরেরও বেশি সময় পার হলেও চালু হয়নি সংগ্রহশালা ও পাঠাগার।
পানি উন্নয়ন বোর্ডের দাবি, প্রকল্পটি পরিচালনার জন্য তাদের প্রয়োজনীয় জনবল নেই। ফলে এটি পরিচালনার দায়িত্ব জেলা প্রশাসনের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠিও দেওয়া হয়েছে। অনুমোদন না আসায় আটকে আছে আনুষ্ঠানিক কার্যক্রম।

স্থানীয়রা বলছেন, এত টাকা ব্যয়ে নির্মিত একটি স্থাপনা দীর্ঘদিন তালাবদ্ধ পড়ে থাকা শুধু অর্থের অপচয় নয়, এটি কবি জীবনানন্দ দাশের স্মৃতির প্রতিও অবহেলা। দ্রুত এটি চালু করা গেলে ঝালকাঠির পর্যটন ও সাহিত্যচর্চায় নতুন মাত্রা যোগ হতে পারে।
এদিকে রাতের বেলায় পুরো চত্বরজুড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিয়মিত নজরদারি না থাকায় মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডাস্থলে পরিণত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যেও এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে।
স্থানীয় কাদের হাওলাদার বলেন, সন্ধ্যার পর থেকেই এখানে বিভিন্ন এলাকার মাদকসেবীদের আনাগোনা বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা এসে আড্ডা জমায়। জায়গাটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় অন্ধকারের সুযোগ নিয়ে সেখানে মাদক সেবন ও জুয়ার আসর বসে। এতে স্থানীয়দের পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। দ্রুত পুরো এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিয়মিত নজরদারি বাড়ানো দরকার।
দর্শনার্থী মো. আরিয়ান খান বলেন, জায়গাটা অনেক সুন্দর। নদীর পাড়ের পরিবেশও খুব ভালো। কিন্তু ভেতরে সংগ্রহশালা ও পাঠাগার বন্ধ থাকায় কিছুই দেখা যায় না। এমন একটি স্থাপনা ঠিকমতো চালু করা গেলে এখানে পর্যটক আরও বাড়ত।
স্থানীয় প্রতীক নাট্যগোষ্ঠীর নাট্যশিল্পী শফিউল ইসলাম সৈকত বলেন, স্থাপনাটি কবির স্মৃতিরক্ষায় খুব ভালো একটি উদ্যোগ। কিন্তু দুঃখজনকভাবে এখনও এটি চালু করা সম্ভব হয়নি। দ্রুত যদি এটি খোলা না হয়, তাহলে এর গুরুত্ব অনেকটাই কমে যাবে।
ঝালকাঠি কবিতা চক্রের ড. কামরুন্নেছা আজাদ বলেন, জীবনানন্দ দাশ শুধু ঝালকাঠির নয়, সমগ্র বাংলার সাহিত্যভুবনের এক অবিস্মরণীয় নাম। তার স্মৃতিবিজড়িত এই সংগ্রহশালাটি যথাযথভাবে পরিচালিত হলে এটি সাহিত্যপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে পরিণত হবে। প্রশাসনের উচিত দ্রুত এর কার্যক্রম চালু করা।

এ বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশ বলেন, আমাদের প্রয়োজনীয় জনবল না থাকায় প্রকল্পটি জেলা প্রশাসনের কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছি। জেলা প্রশাসনের কাছে হস্তান্তরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই এটি হস্তান্তর করা হবে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত এই সংগ্রহশালা ও পাঠাগারটি পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে। সেখানে সুন্দর একটি কমপ্লেক্স রয়েছে। এখনই সেখানে বিভিন্ন লোকজন বনভোজন করতে আসেন, দৃষ্টিনন্দন জায়গাটি ও কবি জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদী দেখতে আসেন। এখানে কবিতা উৎসবও হয়।
তিনি বলেন, এটির সৌন্দর্যবর্ধন এবং জনগণের কাছে আরও বেশি পৌঁছে দেওয়ার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। পূবালী ব্যাংকের অর্থায়নে ধানসিঁড়ি নদীর দুই পাশে বেশ কিছু গাছ রোপণ করা হয়েছে। মহাসড়ক থেকে পাঠাগারে যাওয়ার রাস্তার কাজও খুব শিগগিরই বাস্তবায়ন হবে।
তবে সংগ্রহশালা চত্বরে নিরাপত্তা ও পরিবেশ নিয়েও উদ্বেগ রয়েছে বলে জানান ইউএনও। তিনি বলেন, বর্তমানে সেখানে গভীর রাতে মাদকাসক্ত ব্যক্তিরা আসা-যাওয়া করে এবং কিছু অনৈতিক কাজেরও অভিযোগ পেয়েছি। এসব সমস্যা সমাধান করে জায়গাটিকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করার চেষ্টা করছি।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত চালু করার ব্যবস্থা করব। এটি চালু হয়ে গেলে দর্শনার্থীদের জন্য ভালো লাগবে এবং জায়গাটি আরও সৌন্দর্য পাবে। ওখানে যারা মাদকের আড্ডা বসায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শুধু সংগ্রহশালা চালু না হওয়াই নয়, এর সঙ্গে যুক্ত সড়ক ও ধানসিঁড়ি নদী নিয়েও রয়েছে স্থানীয়দের ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগেই নদীটি খনন করা হলেও বিভিন্ন স্থানে আবারও ভরাট হয়ে সরু হয়ে গেছে। নদীটির নাব্যতা ও সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত সংস্কার ও সংরক্ষণ প্রয়োজন। অন্যদিকে, মহাসড়ক থেকে সংগ্রহশালা পর্যন্ত যাওয়ার সড়কটির অবস্থাও ভালো নয়। ফলে পর্যটকদের যাতায়াতে দুর্ভোগ তৈরি হচ্ছে।
জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম বলেন, ধানসিঁড়ি নদী বারবার খনন করা হয়, আবার কিছুদিন পর ভরাট হয়ে সরু খালে পরিণত হয়। নদীটি পুনঃখনন করে সংগ্রহশালাটি অবিলম্বে চালু করতে হবে।
