২০ মিনিটেই ব্রাজিলের জালে জাপানের দুই গোল

চার মাস আগেই বিশ্বকাপে জাপানকে হারিয়েছিল ব্রাজিল। কিন্তু আবার মুখোমুখি হয়ে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথম ২০ মিনিটের মধ্যেই জাপানের কাছে দুই গোল হজম করেছে কার্লো আনচেলত্তির দল। তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে গেছে এশিয়ার দেশটি।
শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জাপান ও ব্রাজিলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সোয়া চারটায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চাপে রাখে জাপান।
প্রথম গোলটি আসে ম্যাচের ১৫ মিনিটের মাথায়। রিৎসু দোয়ানের পাস থেকে বল পেয়ে ব্রাজিলের রক্ষণভাগের ফাঁক গলে এগিয়ে যান তাকেফুসা কুবো। এরপর ডি-বক্সে ঢুকে গোলরক্ষক পেদ্রো মরিসকোকে পরাস্ত করে জাপানকে এগিয়ে দেন তিনি।
সেই ধাক্কা সামলে ওঠার আগেই আরও একবার গোল হজম করে ব্রাজিল।
১৮ মিনিটে শুতো নাকানোর ক্রস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন কেইতো নাকামুরা। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বিপর্যয়ে পড়ে আনচেলত্তির দল।
অথচ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল ব্রাজিল। আক্রমণভাগে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও এস্তেভাও। মাঝমাঠে ব্রুনো গিমারায়েসের সঙ্গে ছিলেন আন্দ্রে ও আন্দ্রে সান্তোস। রক্ষণভাগে গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস ও কার্লোস অগুস্তোর মতো ফুটবলারদের রেখেছিলেন আনচেলত্তি।
কিন্তু তারকাসমৃদ্ধ দল নিয়েও শুরুতে জাপানের আক্রমণ সামলাতে হিমশিম খায় সেলেসাওরা। অন্যদিকে দ্রুত দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় হাজিমে মোরিয়াসুর দল।
এই ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহের কারণ দুই দলের সাম্প্রতিক দ্বৈরথ।
গত বছরের অক্টোবরে টোকিওতে ব্রাজিলের বিপক্ষে ইতিহাস গড়েছিল জাপান। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জেতে তারা। ব্রাজিলের বিপক্ষে সেটিই ছিল জাপানের প্রথম জয়।
এরপর চলতি বছরের ২৯ জুন বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে আবার মুখোমুখি হয় দুই দল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত সেই ম্যাচে অবশ্য প্রতিশোধ নিয়েছিল ব্রাজিল।
কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরোর গোলে সমতা ফেরায় আনচেলত্তির দল। পরে যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ ষোলোয় ওঠে ব্রাজিল।
চার মাসের কিছু বেশি সময় পর আবার মুখোমুখি হয়ে শুরুতেই ব্রাজিলকে চাপে ফেলেছে জাপান।
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর নতুন করে দল সাজাচ্ছেন আনচেলত্তি। আগামী ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে তরুণ ফুটবলারদের সুযোগ দিচ্ছেন তিনি।

-e36e22.webp)
