অসুস্থতাজনিত ছুটি নিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখায় ব্যস্ত চিকিৎসক

সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থেকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) পদে অতিরিক্ত দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আশরাফুল আমিন চৌধুরীর বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, তিনি প্রতি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। এ ছাড়া সপ্তাহের অন্যান্য দিনেও দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন তিনি।
সরকারি নিয়ম অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার সরকারি দায়িত্ব পালনের কথা। এ সময়ে কোনোভাবেই বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার সুযোগ নেই।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সরকারি চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে একই সময়ে নাসিরনগর উপজেলা সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তাকে রোগী দেখতে পাওয়া যায়। সেখানে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ভিডিও ধারণে বাধা দেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে সরেজমিন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, সেদিনও সরকারি কর্মঘণ্টার মধ্যে তিনি বেসরকারি চেম্বারে রোগী দেখছিলেন।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, এখানে তিনজন চিকিৎসক থাকার কথা থাকলেও পদায়ন করা হয়েছে মাত্র একজনকে। কিন্তু প্রায়ই কেন্দ্রে এসে চিকিৎসককে পাওয়া যায় না। ফলে দূর-দূরান্ত থেকে এসে চিকিৎসা না পেয়েই অনেককে ফিরে যেতে হয়।
চিকিৎসা নিতে আসা মিজান মিয়া বলেন, বেলা ১১টার দিকে স্ত্রীকে চিকিৎসক দেখাতে এসে দেখি ডা. আশরাফুল আমিন চৌধুরীর কক্ষের দরজা বন্ধ। পরে হাসপাতালের এক কর্মী জানান, চিকিৎসক মাঠপর্যায়ে কাজে গেছেন। এর আগেও কয়েক দিন চিকিৎসক না পেয়ে আমাদের ফিরে যেতে হয়েছে।
কেন্দ্রের অফিস সহায়ক মো. এরশাদ বলেন, স্যার আজকে আসেননি। অন্য কোথাও হয়তো গিয়েছেন। তিনি সদর, বিজয়নগর ও আখাউড়ার দায়িত্বেও আছেন।
সরকারি কর্মঘণ্টায় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার বিষয়ে জানতে চাইলে ডা. আশরাফুল আমিন চৌধুরী বলেন, আমি অসুস্থ থাকায় আজকে ছুটিতে আছি। উপপরিচালক স্যারকে বলে মাঝেমধ্যে শনিবারে আমি একটু ছুটিতে থাকি। কেউ হয়তো শত্রুতা করে আপনাদের জানিয়েছে। কে অভিযোগ দিয়েছে বলুন? আজকে ১২টার দিকে আমি এখানে এসেছি (নাসিরনগরের বেসরকারি হাসপাতালের চেম্বারে), ঠিক তার পরই একজন সাংবাদিক এসেছিলেন। কেউ হয়তো তাকে পাঠিয়েছেন। গত বৃহস্পতিবার সাড়ে ৩টা থেকে আমি নাসিরনগরের চেম্বারে ছিলাম। আপনি আসুন, আমরা সামনাসামনি কথা বলি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি চেম্বারে রোগী দেখার কোনো সুযোগ নেই। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
