ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল এনজিও কর্মীর

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র রায় (৩০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি এলাকার ২৪ টিউবওয়েল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন চন্দ্র রায় পঞ্চগড়ের বোদা উপজেলার সাঁকোয়া গ্রামের হরি প্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর মাইক্রোক্রেডিট বিভাগে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে মাইক্রোক্রেডিটের কিস্তির টাকা সংগ্রহের জন্য মোটরসাইকেল নিয়ে শান্তিনগর থেকে ২৪ টিউবওয়েল এলাকার দিকে যাচ্ছিলেন রিপন। পথে দিনাজপুরের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা ট্রাকটিকে ধাওয়া করলে চালক গাড়ি ফেলে পালিয়ে যান। পরে ট্রাকটি ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সামনে থেকে আটক করে মোটরমালিক সমিতির কার্যালয়ের সামনে রাখা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
