logo

১০ টাকার নোটের সিরিয়ালেই চলে সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজি

১০ টাকার নোটের সিরিয়ালেই চলে সুন্দরবনে দস্যুদের চাঁদাবাজি
সুন্দরবনসংলগ্ন নদীর ঘাটে নোঙর করে রাখা জেলেদের নৌকা। ছবি: এশিয়া পোস্ট

সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুদের চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণের শিকার হচ্ছেন জেলে-বাওয়ালিরা। বনে প্রবেশের আগেই নির্দিষ্ট বাহিনীকে দিতে হচ্ছে চাঁদা। সেই টাকা দিতে না পারলে অপহরণ করে দাবি করা হচ্ছে লাখ লাখ টাকা মুক্তিপণ। একাধিক দস্যু বাহিনীর চাঁদার চাপে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন উপকূলের বনজীবীরা।

নিরাপত্তাহীনতার কারণে অনেকেই এখন সুন্দরবনে যেতে সাহস পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় বনজীবী ও বাসিন্দারা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুরসহ সুন্দরবনসংলগ্ন এলাকার জেলে-বাওয়ালিদের অভিযোগ, মাছ ও কাঁকড়া আহরণের জন্য বনে প্রবেশের আগেই বনদস্যুদের নির্ধারিত টাকা দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ১০ টাকার নোটের সিরিয়াল নম্বরও সংগ্রহ করতে হয়। নির্ধারিত সিরিয়ালের নোট বা টাকা না থাকলে অপহরণ করে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়।

নীলডুমুর গ্রামের জেলে ও বাওয়ালি মোহাম্মদ আবু হাসান বলেন, সুন্দরবনে যাওয়ার আগে বনদস্যুরা তাদের আটক করে ৫০ হাজার টাকা আদায় করে। এই টাকা জোগাড় করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন তারা। বনদস্যুদের নির্মূল করা না হলে তাদের জীবন-জীবিকা আরও কঠিন হয়ে পড়বে।

সুন্দরবনসংলগ্ন নদীতে কাঠের জেটি ও ঘাটে বাঁধা নৌকা। ছবি: এশিয়া পোস্ট
সুন্দরবনসংলগ্ন নদীতে কাঠের জেটি ও ঘাটে বাঁধা নৌকা। ছবি: এশিয়া পোস্ট

জেলে মোহাম্মদ আল আমিন ইসলাম বলেন, বনদস্যুরা ১০ টাকার নোটের সিরিয়াল নম্বর পাঠিয়ে দেয়। সেই নম্বরের নোট না থাকলে আটকে রেখে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাবি করে। এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। তিনি সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা মন্টু গাজীর অভিযোগ, সুন্দরবনে একাধিক দস্যু বাহিনীর তৎপরতায় জেলেরা চরম বিপাকে পড়েছেন। এক বাহিনীকে টাকা দেওয়ার পর অন্য বাহিনীর চাঁদাবাজির মুখে পড়তে হয়। এ কারণে অনেক জেলে বনে যেতে পারছেন না।

বনদস্যুদের হাতে অপহরণের শিকার জেলে আব্দুল রশিদ জানান, তাকে প্রায় এক সপ্তাহ সুন্দরবনে আটকে রাখা হয়েছিল। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তিনি ছাড়া পান। এরপর থেকে আর বনে যাওয়ার সাহস করেননি। ঋণ করে এখন দিন কাটছে তার।

সবুজে ঘেরা সুন্দরবনের একটি অংশ। ছবি: এশিয়া পোস্ট
সবুজে ঘেরা সুন্দরবনের একটি অংশ। ছবি: এশিয়া পোস্ট

স্থানীয় বনজীবী মোহাম্মদ রাকিবুল ইসলাম বিপন বলেন, জেলে-বাওয়ালিরা একদিকে অপহরণ ও মুক্তিপণের শিকার হচ্ছেন, অন্যদিকে ঋণের বোঝায় তাদের পরিবারগুলোতে দুর্ভোগ বাড়ছে। আত্মসমর্পণ করা সাবেক দস্যুদের কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে সুন্দরবনে সক্রিয় হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এদিকে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে গত ৯-১০ দিন ধরে আন্দোলন করছেন স্থানীয় বনজীবীরা। বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন লিটন বলেন, বনদস্যুদের কাছ থেকে স্লিপ বা কার্ড সংগ্রহ না করে এখন জেলে-বাওয়ালিদের পক্ষে বনে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সরকারি পাস থাকার পরও তাদের আলাদাভাবে টাকা দিতে হচ্ছে। টাকা না দিলে অপহরণ, নির্যাতন ও মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হচ্ছে। আন্দোলন শুরুর পর বনজীবীদের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।



এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইরফান উদ্দিন বলেন, বনদস্যুদের উপদ্রবের কারণে জেলে-বাওয়ালিরা যে আন্দোলন করছেন, তা বন বিভাগের নজরে এসেছে। বন বিভাগও সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চায়। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, সুন্দরবনে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী সুন্দরবন এলাকায় বনদস্যুদের তৎপরতা রোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট