logo

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবি করা কামাল উদ্দিন

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি দাবি করা কামাল উদ্দিন
আইনজীবী কামাল উদ্দিন। ছবি : ফেসবুক থেকে নেওয়া

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি হিসেবে পরিচয় দেওয়া আইনজীবী মো. কামাল উদ্দিনকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে মুক্তির আদেশ দেওয়া হয়।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) মধ্যরাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকার বাসা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে কয়েকজন ব্যক্তি কামাল উদ্দিনের বাসার বাইরে জড়ো হয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি-বন্দর) সোহেল রানা এশিয়া পোস্টকে বলেন, মেট্রোপলিটন পুলিশ আইনের ৯৯ ধারায় কামাল উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছিল।

মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ১৯ নভেম্বর আওয়ামী লীগের নতুন অবরোধ কর্মসূচির সমালোচনা করায় মুখোশধারী একদল লোক তার ওপর হামলার চেষ্টা করেছিল। খবর পেয়ে প্রশাসন তাকে উদ্ধার করে এবং পরে আদালতে পাঠায়। আদালত তাকে মুক্তি দিয়েছেন। তবে এখনো তিনি আরও হামলার আশঙ্কা করছেন।

কামাল উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহআইনবিষয়ক সম্পাদক। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সমালোচনা করে এবং নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে আলোচনায় আসেন তিনি।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট