logo

পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় শিশু মাহমুদ

পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় শিশু মাহমুদ
জানাজায় বাবা আলী আজগর খোকনের সাথে ছেলে মাহমুদ। ছবি: এশিয়া পোস্ট

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও তার মেয়ে আল আকসা সুমাইয়াকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এর আগে একই এলাকায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়। প্রথমে মাহমুদা আক্তারের (৩৫) জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার মামা সিদ্দীক। পরে মেয়ে সুমাইয়ার (৮) জানাজায় ইমামতি করেন বাবা আলী আজগর খোকন। জানাজার সময় বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ।

জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ধারা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আজগর খোকন। স্ত্রী ও মেয়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি। আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন, সেই প্রার্থনা করেন। পাশাপাশি দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদের জন্যও সবার কাছে দোয়া কামনা করেন।

আলী আজগর খোকন বলেন, তার মেয়ে সুমাইয়া তৃতীয় শ্রেণিতে পড়ত। মেয়ে বিভিন্ন স্বপ্ন নিয়ে বেড়ে উঠছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সবকিছু যেন মুহূর্তেই শেষ হয়ে গেল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী থ্রি-হুইলারকে ধাক্কা দেয়। এতে থ্রি-হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে।

এ ঘটনায় আট যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা ও তার মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের ছেলে মাহমুদও আহত হয়। নিহত মাহমুদা আক্তার পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক ছিলেন।