logo

বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন
গোপালগঞ্জে দুর্ঘটনার পর বাসটির আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও তিন পথচারী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

নিহত মহিবুল মোল্লা সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিবুল মোল্লা চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আরও তিন পথচারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন।