logo

হাসপাতালের জানালায় ছিল না গ্রিল, ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

হাসপাতালের জানালায় ছিল না গ্রিল, ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : এশিয়া পোস্ট

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে এক নারী রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারী (৬৫) হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাথাব্যথা ও জ্বর নিয়ে ওই নারীকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। শনিবার তিনি ওই তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান। প্রাথমিকভাবে জানা গেছে, জানালাটিতে কোনো গ্রিল ছিল না। পরে তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শজিমেক হাসপাতালের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত ওই নারী নিচে পড়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ জানান, তিনি ছুটিতে আছেন। এক নারী ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট