logo

উপকূল রক্ষার গাছ কেটে বালু ফেলে দখলের চেষ্টা

উপকূল রক্ষার গাছ কেটে বালু ফেলে দখলের চেষ্টা
বালু সরিয়ে গাছের কাটা গোড়া দেখতে পান বন বিভাগের কর্মকর্তারা। ছবি : এশিয়া পোস্ট

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র রক্ষা বেড়িবাঁধসংলগ্ন সরকারি বাগানের গাছ কেটে বালু ফেলে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ৮ থেকে ১০টি গাছ কাটার প্রমাণ পেয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে বন বিভাগ।

শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে প্রেসিডেন্ট পার্ক-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে গাছের কাটা গোড়া দেখতে পান। সেগুলো পর্যবেক্ষণ করে প্রায় ৮ থেকে ১০টি গাছ কাটার বিষয়টি নিশ্চিত হন তারা।

খাজুরা ফরেস্ট ক্যাম্পের কর্মকর্তা মো. আমির হামজা জানান, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন পর্যন্ত সমুদ্র রক্ষা বেড়িবাঁধের স্থায়িত্ব বজায় রাখতে সরকারি উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের বাগান গড়ে তোলা হয়েছে। ওই বাগানের আকাশমণি ও বাবলা প্রজাতির প্রায় ১০টি গাছ কেটে ফেলা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কসংলগ্ন পেছনের অংশে ব্যক্তিগত রাস্তা তৈরির উদ্দেশ্যে গাছগুলো কেটে সেখানে বালু ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে বালু ফেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে আপাতত অভিযুক্তদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, গভীর রাতে একদল লোক গাছ কেটে ট্রাকে করে বালু এনে সেখানে ফেলে রাস্তা তৈরির চেষ্টা করে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তারা।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট