logo

‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে’ স্লোগানে বিএনপির বিক্ষোভ

‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে’ স্লোগানে বিএনপির বিক্ষোভ
রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছবি : এশিয়া পোস্ট

‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’—এমন নানা স্লোগানে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিও জানান তারা।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে পাংশা পৌর শহরে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বারেক মোড়, পাংশা বাজারের কালীবাড়ি মোড়, টেম্পোস্ট্যান্ড ও পাংশা রেলগেট প্রদক্ষিণ করে। পরে বারেক মোড় হয়ে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মুজিববাদের আস্তানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খাঁন, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু।

এ ছাড়া উপস্থিত ছিলেন পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খানসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।