logo

কপ৩১ ভেন‍্যুতে সংবাদ সম্মেলন/প্রধানমন্ত্রীর দাবির সঙ্গে একমত হলেও তহবিল খরচ নিশ্চিত চায় জামায়াত

প্রধানমন্ত্রীর দাবির সঙ্গে একমত হলেও তহবিল খরচ নিশ্চিত চায় জামায়াত
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাহবুবুল আলম সালেহী। ছবি: এশিয়া পোস্ট

বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে পাঁচটি দাবি জানিয়েছেন, সেগুলোকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে কপ৩১-এ অংশ নেওয়া প্রতিনিধিদল। তবে, বাংলাদেশের জন‍্য যে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ যেন পায়, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে এ তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে ব‍্যবহার করা হয়, তাও নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতের প্রতিনিধিদল।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ ভেন‍্যুর বাংলাদেশ প‍্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস‍্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস‍্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

মাহবুবুল আলম সালেহী বলেন, ‘পূর্বে জলবায়ু তহবিলে যেসব আন্তর্জাতিক ফান্ড এসেছে, তা খরচে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাই আগামীতে যে বরাদ্দ আসছে, সেখানে দুর্নীতি বন্ধের জন্য নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানাই।’

সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম সালেহী পরিবেশ রক্ষা নিয়ে জামায়াতের ‘থ্রি জিরো’ ভিশন তুলে ধরেন। যেখানে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের কথা তিনি উল্লেখ করেন এবং এ থ্রি জিরো ভিশনটি জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষা করতে বিশ্ব নেতাদের প্রতি জামায়াত আহ্বান জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে কোনোভাবেই দায়ী না হলেও তার সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপরই। কিন্তু বিগত জলবায়ু সম্মেলনগুলো থেকে যে পরিমাণ তহবিল পেয়েছে, তা প্রতিশ্রুতির ৯ শতাংশেরও কম। যার মধ‍্যে আবার বেশিরভাগই লোনে পাওয়া তহবিল। তাই ভবিষ‍্যতে এ ধরনের ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে সরকারকে জোর দেওয়ার আহ্বান জানাই।’

মাহবুবুল আলম সালেহী বলেন, ‘জলবায়ু পরিবর্তন কিংবা পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক ইস‍্যু নয়। তাই এ বিষয়ে সরকারকে সব পক্ষকে একসঙ্গে নিয়ে প্রত্যাশিত তহবিল পেতে কাজ করতে হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ প‍্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলনের জন্য আজ দুপুর দেড়টায় পূর্বনির্ধারিত থাকলেও পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প‍্যাভিলিয়ন কর্তৃপক্ষ তা করতে অসহযোগিতা করেন।’

সংবাদ সম্মেলনের বিষয়টি সরাসরি পরিবেশ প্রতিমন্ত্রী ও প‍্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলে আগেই নিশ্চিত করা ছিল। এ ঘটনাকে তিনি দুঃখজনক আখ্যায়িত করে বলেন, ‘জামায়াত মূলত সরকারকে সহযোগিতা করে ঐক‍্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে জলবায়ু সম্মেলনে এসেছিল। কিন্তু সরকারের জলবায়ু সম্মেলনের প্রতিনিধিরা তাতে সহযোগিতা করেনি।’

সংবাদ সম্মেলনে কপ৩১ জামায়াত প্রতিনিধিদলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট