logo

যশোরে ৯ মাসে ৫০৭ মামলায় সাজা, যাবজ্জীবন ৫৪ জনের

যশোরে ৯ মাসে ৫০৭ মামলায় সাজা, যাবজ্জীবন ৫৪ জনের
যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন। ছবি : এশিয়া পোস্ট

যশোরে চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জেলার বিচারিক আদালতগুলোতে ৫০৭টি মামলায় আসামিদের সাজা হয়েছে। এর মধ্যে ৫৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে দেওয়ানি মামলা নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। এতে কমেছে বিচারাধীন মামলার সংখ্যাও।

শনিবার (১৪ নভেম্বর) যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে আসে।

সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে বিচার বিভাগের কার্যক্রম ও মামলার পরিসংখ্যান তুলে ধরে তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল জজ তুহিনুল ইসলাম এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় আসামিদের সাজা হয়েছিল। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ২০২৬ সালের প্রথম নয় মাসে দায়রা আদালতে ৪০০টি মামলায় সাজা হয়েছে। এ সময়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ২৬ জন।

মাদক মামলার নিষ্পত্তিতেও গতি বেড়েছে। ২০২৫ সালের পুরো বছরে মাদক মামলার ৫৮টি রায়ে আসামিদের সাজা হয়েছিল। এর মধ্যে ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিপরীতে, চলতি বছরের প্রথম নয় মাসে মাদক মামলার ১০৭টি রায়ে সাজা হয়েছে। এসব মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন ২৮ জন।

দেওয়ানি মামলা নিষ্পত্তির পরিসংখ্যানেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। ২০২৫ সালে এসব মামলার নিষ্পত্তির হার ছিল ৮৩ দশমিক ১ শতাংশ। ওই বছর ৭ হাজার ৩৫১টি মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছিল ৬ হাজার ১০৭টি।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেওয়ানি আদালতে নতুন মামলা দায়ের হয়েছে ৪ হাজার ৩৯০টি। একই সময়ে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৮২২টি মামলা। অর্থাৎ, নতুন দায়ের হওয়া মামলার চেয়ে ২ হাজার ৪৩২টি বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। এতে নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। বর্তমানে দেওয়ানি আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩০ হাজার ২১টি।

এদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা নিষ্পত্তিতে অগ্রগতি হয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে আদালতটির বিভিন্ন ফৌজদারি, জিআর ও সিআর মিলিয়ে মোট ১৩ হাজার ৬৩৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এতে বিচারাধীন মামলার জট কমানোর পাশাপাশি বিচারপ্রার্থীদের দ্রুত সেবা দেওয়ার ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ভূমিকা আরও দৃশ্যমান হয়েছে।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল জজ (জেলা জজ) এসএম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জিপি আবদুল মোহায়মেন, পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ ছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম, দেবাশীষ দাস, কাজী ফরিদুল ইসলাম ও এমএ গফুর।

সম্মেলনে বক্তারা বলেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি বেড়েছে। দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তি ও মামলার দীর্ঘসূত্রতা কমাতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট