logo

যশোর আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

যশোর আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা
আটক আট আসামি। ছবি : এশিয়া পোস্ট

যশোরের জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।

বিস্ফোরক আইনে করা এ মামলায় অজ্ঞাতনামা আরও ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনার পর রাতভর বিশেষ অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদালত চত্বরের পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি করেন।

মামলার এজাহারে নাম উল্লেখ করা ২১ জন হলেন—সুজলপুর গ্রামের মৃত মকসেদ গাজীর ছেলে মনিরুজ্জামান লাবলু, নরেন্দ্রপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকার আব্দুল মজিদের ছেলে লাভলু, চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলা এলাকার লুৎফর রহমানের ছেলে আরমান হোসেন রিজভী, বকচর এল মার্কেটের পেছনের এলাকার মৃত ফজলুল হকের ছেলে ডালিম হোসেন, চাঁচড়া রায়পাড়া এলাকার সম্রাট ও তানভির, ষষ্ঠীতলা পাখিপট্টি এলাকার হৃদয়, রেলস্টেশন মাদ্রাসাপাড়া এলাকার ভোমর বাপ্পি, পুলেরহাট এলাকার আইজুল, খড়কী কলাবাগানপাড়ার তুহিন ও শিপন ভাগ্নে, রেলগেট পশ্চিমপাড়ার দেলো, খড়কী কলাবাগানপাড়ার মোহন আলী, চাঁচড়া রায়পাড়ার ব্ল্যাক মামুন, বেজপাড়া শ্রীধর পুকুরপাড়ের অমিত কর্মকার, কাজীপাড়া কাঁঠালতলার আবুজার হোসাইন, শংকরপুর গোলপাতা মসজিদের পূর্ব পাশের ইকবাল বাদশা রনি, শংকরপুর দুলালের মোড়ের সুমন, শংকরপুর ৭ নম্বর ওয়ার্ডের আবির এবং ছোটনের মোড়ের জাফর।

পুলিশ জানায়, ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। তারা হলেন মনিরুজ্জামান লাবলু, লাভলু, ইরান, আরমান হোসেন রিজভী, ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম ও সানোয়ার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এসআই রাইসুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেলস্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় খবর আসে, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে পুলিশ সহকারী জজ আদালতের ফটকের সামনে গিয়ে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ এবং কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করে।

এজাহারে আরও বলা হয়, একই দিন রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনের দিকে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমাটি আদালত ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে সেখান থেকে ছয়টি বিয়ারিং বল, কালো স্কচটেপের দুটি টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আটক ব্যক্তিরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। শান্তিশৃঙ্খলা নষ্ট করে যশোরকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।