logo

ভারতীয় গ্যাংস্টারের নামে প্রাণনাশের হুমকির অভিযোগ, কারণ জানালেন মাহমুদা মিতু

ভারতীয় গ্যাংস্টারের নামে প্রাণনাশের হুমকির অভিযোগ, কারণ জানালেন মাহমুদা মিতু
লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করা নম্বর ও ডা. মাহমুদা মিতু। ছবি: কোলাজ

ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে প্রাণনাশের হুমকির পর আইনগত ব্যবস্থা নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারীশক্তির আহ্বায়ক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। তিনি জানিয়েছেন, রোববার (১৫ নভেম্বর) সকালের মধ্যে ঢাকার একটি থানায় নিজের নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

শনিবার (১৪ নভেম্বর) রাতে এশিয়া পোস্টকে তিনি এ তথ্য জানিয়েছেন।

কোন ইস্যুতে হুমকি দেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মাহমুদা মিতু বলেন, ‘আমি যেহেতু জুলাইয়ে জোড়ালভাবে মাঠে ভোকাল ছিলাম। ফেসবুকেও স্পষ্ট অবস্থান নিয়েছি। ৩২ নম্বরের সামনে আমার ছবিটা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মাঝেমধ্যে সামনে নিয়ে আসে। জীবনব্যাপী এ দলটির বিরুদ্ধে আমার অবস্থান ছিল। স্পষ্ট কথা বলি অথবা এনসিপিতে ভালো একটি অবস্থান আছে। এ কারণে হুমকি দেওয়া হতে পারে।’

মাহমুদা মিতুর ধারণা, এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ ও ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি হামলার ধারাবাহিকতায় এ প্রাণনাশের হুমকি দেওয়া হতে পারে।

ভয়াবহ মৃত্যুর জন্য প্রস্তুত হও (prepare for a horrific death) বলে স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানান মাহমুদা মিতু। তিনি বলেন, ‘স্থানীয় নেতৃত্ব থেকে নয়, খুব সরাসরি শিক্ষিত ও ট্যালেন্টেড কেউ এ হুমকি দিয়েছেন বলে ধারণা করছি। আমার নম্বরটা যেহেতু ওপেন, প্রথমে অতটা চিন্তা করিনি। কিন্তু আমজাদের (সাংবাদিক) ফেসবুক পোস্টে হুমকিদাতার পরিচয় জেনে খুব চিন্তা হচ্ছে।’

ডা. মাহমুদা মিতু জানান, গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে তিনি হুমকি পাচ্ছেন। এতে তার বাবা-মা ভীষণ উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের খোঁজ-খবর রাখছেন।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহমুদা মিতু হুমকির কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন। যেখানে ভারতীয় নম্বর থেকে ‘লরেন্স বিষ্ণোই’ পরিচয়ে পাঠানো বার্তাটি তুলে ধরা হয়।

ওই পোস্টে মাহমুদা মিতু লেখেন, গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসউদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এ সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুইতোকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।

তিনি লেখেন, হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি লেখেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।

পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদির বক্তব্য স্মরণ করে মাহমুদা মিতু লেখেন, হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!

জানা গেছে, লরেন্স বিষ্ণোই কুখ্যাত ভারতীয় গ্যাংস্টার, একটি অপরাধী চক্রের প্রধান। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডে তার নাম আলোচনায় আসে। তার বিরুদ্ধে হত্যা-চাঁদাবাজিসহ দুই ডজন ফৌজদারি মামলা রয়েছে। তার গ্যাং ৭০০-এর বেশি শুটারের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বলিউড তারকাদের হুমকি দেওয়ার বিভিন্ন ঘটনায়ও বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে এসেছে।

তবে মাহমুদা মিতুকে পাঠানো হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই বা তার গ্যাংয়ের সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট