সংযোগ ছাড়াই ভুয়া ভাউচারে টেলিফোন খাতের অর্ধলক্ষ টাকা তুলে নিলেন অধ্যক্ষ

প্রতিষ্ঠানে নেই কোনো টেলিফোন সংযোগ, কেনা হয়নি নতুন কোনো সরঞ্জামও, অথচ ভুয়া বিল-ভাউচার তৈরি করে টেলিফোন খাতের প্রায় অর্ধলক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা কামালের বিরুদ্ধে।
অভিযোগ, ২০২২ সালে সরবরাহ করা পুরোনো সেটকে ২০২৬ সালে নতুন ক্রয় দেখিয়ে তৈরি ভাউচারের মাধ্যমে সরকারি এই অর্থ উত্তোলন করা হয়েছে। সরেজমিনে প্রতিষ্ঠানটিতে গিয়ে টেলিফোন সংযোগ না থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, টেলিফোনসহ অন্যান্য সরঞ্জাম কেনা হয়েছে। তবে এখনো সংযোগ দেওয়া হয়নি। কেনা সরঞ্জামগুলো স্টোররুমে রাখা আছে।
তবে সরঞ্জামগুলো দেখতে চাইলে অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, স্টোরকিপার বাড়িতে চলে গেছেন।
পরে স্টোরকিপারকে ফোন করে দেখানোর অনুরোধ জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান। একপর্যায়ে স্টোরকিপারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির কেয়ারটেকার শারমিন বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিষ্ঠানে আছেন বলে জানান। তার সঙ্গে অধ্যক্ষকে নিয়ে স্টোররুমে গিয়ে আলমারিতে দুটি প্যানাসনিক ব্র্যান্ডের টেলিফোন সেট পাওয়া যায়। তবে টেলিফোন সংযোগের জন্য কেনা অন্য সরঞ্জাম সম্পর্কে জানতে চাইলে কেয়ারটেকার শারমিন বেগম বলেন, তার কাছে শুধু দুটি টেলিফোনই রাখা আছে।

স্টোররুমের নথিপত্র ঘেঁটে দেখা যায়, ২০২২ সালে আলফাসফট টেকনোলজি লিমিটেড থেকে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুলে ১১ ধরনের সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল। সরবরাহ চালানের সাত নম্বর ক্রমিকে দুটি প্যানাসনিক কেএক্স-টি৭৭৩০ মডেলের টেলিফোন সেটের উল্লেখ রয়েছে। ওই সরঞ্জামগুলো গ্রহণ করেছিলেন তৎকালীন অধ্যক্ষ আমিনুল হক ও স্টোরকিপারের দায়িত্বে থাকা শারমিন বেগম। অর্থাৎ স্টোররুমে পাওয়া টেলিফোন দুটি ২০২২ সালে সরবরাহ করা হয়েছিল, ২০২৬ সালে কেনা নয়।
এ বিষয়ে কেয়ারটেকার শারমিন বেগম বলেন, আমি ২০২২ সাল থেকে এখানে কর্মরত আছি। এই টেলিফোন দুটি অধ্যক্ষ আমিনুল স্যারের সময় নেওয়া হয়েছিল। এরপর আর কোনো টেলিফোন বা অন্য কোনো সরঞ্জাম আমার কাছে রাখা হয়নি।
এদিকে, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দেবীগঞ্জ কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে দেবীগঞ্জ উপজেলার ২৫টি প্রতিষ্ঠানে টেলিফোন সংযোগ রয়েছে। তবে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কোনো টেলিফোন সংযোগ নেই।
বিটিসিএলের দেবীগঞ্জ কার্যালয়ের লাইনম্যান হাসিবুল ইসলাম বলেন, চার পাঁচ মাস আগে একবার টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ আমাকে ডেকে পাঠান। টেলিফোন সংযোগ দিতে কী কী সরঞ্জাম লাগবে, সেসবের একটা হিসেব নেন। তবে এর পরে আমার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। বর্তমানে তাদের ওখানে কোনো লাইন নেই।
অন্যদিকে, অনুসন্ধানে পাওয়া নথিপত্রে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের টেলিফোন খাতে ৫০ হাজার টাকা বরাদ্দ ছিল। ওই বরাদ্দ থেকে গত ২১ জুন টেলিফোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার কথা উল্লেখ করে ৪৯ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়। এ সংক্রান্ত বিলের সঙ্গে একটি ভাউচার জমা দেওয়া হয়।
ভাউচারটি দেবীগঞ্জ বাজারের মা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের। ৩৯০৫ নম্বরের ওই ভাউচারে ২০ জুন কেনাকাটার বিবরণ দেখানো হয়েছে। এতে ৩১ হাজার ৫০০ টাকার কপার ক্যাবল, ৮ হাজার টাকা করে দুটি টেলিফোন সেটের দাম ১৬ হাজার টাকা এবং দুটি কানেক্টিং বক্সের দাম ২ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। তবে দোকানির কাছে থাকা ভাউচার বইয়ে ৩৯০৫ নম্বরের ভাউচারটি তার দোকানের বলে নিশ্চিত হওয়া গেলেও এর কোনো কার্বন কপি পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী মো. আইনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমার দোকানে টেলিফোন, কানেক্টিং বক্স বিক্রি করি না। কেউ হয়ত অন্য কোনো মালামাল কিনে ভাউচার নিয়ে গেছে। তবে আমার কাছ থেকে এ ধরনের কোনো মালামাল টেকনিক্যাল স্কুলের কেউ কেনেনি।
এদিকে, প্রতিষ্ঠানটির হিসাবরক্ষক মো. ফরহাদ হোসেনের হাতের লেখার সঙ্গে মা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের ভাউচারে থাকা লেখার মিল পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, নতুন করে কোনো মালামাল না কিনেই ওই ভাউচার ব্যবহার করে টেলিফোন খাত থেকে ৪৯ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়েছে।
ভুয়া বিল তৈরির বিষয়ে জানতে চাইলে হিসাবরক্ষক ফরহাদ হোসেন এশিয়া পোস্টকে বলেন, আমি মোবাইলে কোনো কথা বলব না। কোনো কিছু জানার থাকলে অফিসে আসেন।
২০২২ সালে সরবরাহ করা পুরোনো টেলিফোনকে নতুন সরঞ্জাম কেনাকাটা হিসেবে দেখিয়ে বিল উত্তোলনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সরকারি অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলনের অভিযোগে সংশ্লিষ্ট অধ্যক্ষের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক নাহিদ ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আপনার মাধ্যমে বিষয়টি অবগত হলাম। আমাদের কর্মকর্তারা এ বিষয়ে তদন্ত করবেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের মে মাস থেকে মো. মোস্তফা কামাল দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। বেতনের পাশাপাশি নিয়মিত বাড়ি ভাড়া উত্তোলন করার পরও প্রশাসনিক ভবনে রাত কাটানোর অভিযোগে মোস্তফা কামালের বিরুদ্ধে গত ১৪ অক্টোবর ‘বাড়িভাড়া পেলেও প্রশাসনিক ভবনের রুম দখল করে অধ্যক্ষের বসবাস’ শিরোনামে সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট।


