লালন তিরোধানের অনুষ্ঠানে বোমা, একমাসেও খোলেনি রহস্যের জট

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠানে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধারের ঘটনার ২৬ দিন পেরিয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মেহেরপুরের একটি মিষ্টান্ন ভাণ্ডারের ব্যাগের সূত্র ধরে পুলিশ তদন্ত চালালেও কারা এবং কী উদ্দেশ্যে আখড়াবাড়িতে এই টাইম বোমা রেখেছিল, তা এখনো অজানাই রয়ে গেছে। রহস্যের কিনারা না হওয়ায় সাধু-ভক্ত ও স্থানীয়দের মধ্যে এখনো কাটছে না উদ্বেগ।
গত ১৯ অক্টোবর এ ঘটনায় কুমারখালী থানায় মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) লিটন মাতুব্বর। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন কুমারখালী থানার এসআই জুয়েল রানা। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরকসদৃশ ডিভাইস রাখার অভিযোগ আনা হয়েছে। এজাহারে ঘটনাস্থল, উদ্ধার হওয়া ব্যাগ ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের বিবরণ উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে উদ্ধার হওয়া আলামতের বিস্তারিত বিবরণও তুলে ধরা হয়েছে। এতে ৩ দশমিক ৭ ভোল্টের ব্যাটারিসংযুক্ত একটি সার্কিট, লাল ও কালো বৈদ্যুতিক তার, কিছু কাঠি, এক লিটারের দুটি প্লাস্টিকের বোতলে পেট্রোল এবং দুটি বোমাসদৃশ আতশবাজির কথা উল্লেখ রয়েছে। এসব আলামত একটি সাদা রঙের পলিথিনের ব্যাগে রাখা ছিল। ব্যাগটি কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। এতে মেহেরপুরের গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের নামসহ বিভিন্ন লেখা ও চিহ্ন পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে। ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ির প্রধান প্রবেশপথের পাশে একটি নারকেল গাছের গোড়ায় সাদা রঙের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন সংশ্লিষ্টরা। ব্যাগের ভেতরে সন্দেহজনক বস্তু থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। পরদিন ১৯ অক্টোবর সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করেন। এসময় দুটি পেট্রলভর্তি বোতল, ধাতব পাইপ, বৈদ্যুতিক তার, ব্যাটারি, ইলেকট্রনিক সার্কিট ও টাইমারযুক্ত একটি ডিভাইস উদ্ধার করা হয়। পরে বিশেষজ্ঞ দল সেটি নিষ্ক্রিয় করে।
উদ্ধার হওয়া ডিভাইসটি বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন। বিশেষ করে পেট্রলভর্তি বোতলের কারণে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি আতঙ্কিত মানুষের ছোটাছুটিতে হতাহতের আশঙ্কা তৈরি হতে পারত। ঘটনাটি লালন স্মরণোৎসব চলাকালে ঘটায় সাধু-ফকির, ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, তদন্তে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে উঠে এসেছে বোমা বহনকারী ব্যাগটি। ব্যাগটির গায়ে মেহেরপুরের গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের নাম পাওয়া যায়। এ সূত্র ধরে পুলিশ মেহেরপুরে গিয়ে প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে কথা বলে। মেহেরপুর সদর ও গাংনীতে প্রতিষ্ঠানটির শাখা সম্পর্কেও খোঁজ নেওয়া হয়। তবে ব্যাগটি কীভাবে কার হাতে আখড়াবাড়িতে পৌঁছাল, সেটি কে বা কারা ব্যবহার করেছে, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার সময় আখড়াবাড়ি ও আশপাশে অবস্থান করা ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করছে পুলিশ। পাশাপাশি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনাস্থলের কাছে অস্থায়ীভাবে চা বিক্রি করতেন এমন এক ব্যক্তির অনুপস্থিতির বিষয়টিও তদন্তের আলোচনায় এসেছিল। তবে এসব সূত্র থেকে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল রানা এশিয়া পোস্টকে বলেন, আমাদের তদন্ত চলমান রয়েছে। ব্যাগের সূত্র ধরে মেহেরপুরে গিয়েছি। এর আগেও মেহেরপুরে এমন একটি ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পাওয়া বোমার সঙ্গে লালন আখড়াবাড়ি থেকে উদ্ধার করা বোমার মিল রয়েছে।
জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক আয়োজনের স্থানে এমন বিস্ফোরক ডিভাইস উদ্ধারের ঘটনায় নিরাপত্তা-ব্যবস্থা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। ঘটনার দিন আখড়াবাড়িতে প্রায় ১৮০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। তবে প্রতিবছর প্রধান প্রবেশপথে দর্শনার্থীদের তল্লাশির জন্য মেটাল ডিটেক্টর বা স্ক্যানার ব্যবহার করা হলেও এবার তা রাখা হয়নি।
আয়োজক ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করলে একসঙ্গে বেশি দর্শনার্থীর প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। গত বছর দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ে এ নিয়ে বিড়ম্বনা হওয়ায় এবার ওই ব্যবস্থা রাখা হয়নি।
অন্যদিকে, ঘটনার রাতে পুলিশ দ্রুত সন্দেহজনক ব্যাগটির চারপাশ ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ডিভাইসটি নিষ্ক্রিয় করা পর্যন্ত বিষয়টি সতর্কতার সঙ্গে সামাল দেওয়া হয়। পুলিশের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলেন, বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ওই সময় আখড়াবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য সাধু, ভক্ত ও দর্শনার্থী ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলায় এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
তবে এত গুরুত্বপূর্ণ একটি স্থানে কীভাবে এমন বিস্ফোরক ডিভাইস রাখা হলো, তা এখনো আমাদের কাছে উদ্বেগের বিষয়। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করার দাবি জানাই।
ঘটনার পর কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমকে। সদস্য হিসেবে রাখা হয় জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, কুমারখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সরওয়ার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দীনকে।
তদন্ত কমিটির সদস্য জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এশিয়া পোস্টকে বলেন, কমিটি কাজ করছে, রহস্য উন্মোচন করতে পারিনি। চেষ্টা অব্যাহত আছে।
স্থানীয় বাসিন্দা ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আলমাস বলেন, পুলিশ স্থানীয়দের বক্তব্য সংগ্রহ করছে। সিসিটিভি ফুটেজ খুঁজে খুঁজে দেখছে। আশা করি, খুব দ্রুত এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারবে।
স্থানীয় বাসিন্দা রাসেল হাসান জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, এটি একটি জাতীয় অনুষ্ঠান। এ ধরনের ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। যত দ্রুত সম্ভব জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
অন্যদিকে, ঘটনাটিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন লালনভক্ত ও অনুসারীরা। তাদের মতে লালন আখড়াবাড়ি শুধু একটি ধর্মীয় বা সাংস্কৃতিক স্থাপনা নয়, এটি অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার মিলনস্থল। এমন একটি স্থানে বোমাসদৃশ ডিভাইস রাখার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।
লালন অনুসারী মাছুম শাহ বলেন, লালন আখড়াবাড়ি শুধু একটি জায়গা নয়, এটি অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও সম্প্রীতির প্রতীক। এখানে দেশ-বিদেশের অসংখ্য মানুষ, সাধু-ফকির ও ভক্তের সমাগম ঘটে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে টাইম বোমা রাখার ঘটনা কোনোভাবেই স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। আমার মনে হয়, এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে।
লালন তিরোধান দিবসের অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু এশিয়া পোস্টকে বলেন, ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তারা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, স্থানীয়দের সঙ্গে কথা বলা এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। এখনো তদন্ত চলমান রয়েছে। আমরা আশা করছি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও এর সঙ্গে জড়িতদের পরিচয় বেরিয়ে আসবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন এশিয়া পোস্টকে বলেন, মামলার তদন্ত চলছে। এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত কর্মকর্তা ভালো বলতে পারবেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, এ মামলায় এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।



