নোয়াখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, মামলা করায় দাফনে বাধা

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করায় তার মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মামলা থেকে পরিবারের সদস্যদের নাম বাদ দিতে চাপ ও হুমকি দেওয়ার কারণে দীর্ঘ সময় মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
অবশেষে থানা পুলিশ, অতিরিক্ত জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ৩০ ঘণ্টা পরে শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় একটি বল এক নারীর গায়ে লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মীর হোসেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নেওয়ার পর দাফনের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় স্থানীয় একটি পক্ষ বাধা দেয়। হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম বাদ না দিলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মামলা তুলে নিতে নিহতের স্বজনদের ওপর চাপ সৃষ্টি করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এশিয়া পোস্টকে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনে বাধা দেওয়া এবং মামলা তুলে নিতে চাপ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘ সময় উত্তেজনা ও বাধার মুখে মরদেহ দাফন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত জেলা থেকে অতিরিক্ত পুলিশ, থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ও সহযোগিতায় রাত ১০টার দিকে দাফন সম্পন্ন হয়।
