পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের চিন্তা: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। আগামীতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্ট করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এখন প্রত্যেক শিক্ষার্থীই গ্লোবাল সিটিজেন। মেধাবীদের কোনো ভিসা লাগে না, কোনো ঠিকানাও লাগে না। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আমরা যে গতানুগতিক পদ্ধতিতে লেখাপড়া শিখেছি ও শেখাচ্ছি, তা থেকে বেরিয়ে আসতে হবে। এটিই আমাদের প্রথম দায়িত্ব।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা বিগত সময়গুলো নষ্ট করেছি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি। তখন শিক্ষাব্যবস্থাকে যে জায়গায় রেখে এসেছিলাম, এখন এসে আর সেই জায়গায় পাইনি; বরং অনেক পিছিয়ে পড়েছি। মনে হয়েছে, আমরা যেন সামনের দিকে গাড়ি চালাচ্ছি না, রিয়ারভিউ মিরর দেখে ব্যাক গিয়ারে পেছনের দিকে যাচ্ছি। বিগত সরকার এমন পরিস্থিতি তৈরি করেছিল। সেখান থেকে উত্তরণ ঘটাতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
শিক্ষার মানোন্নয়ন ও মেধাবীদের উৎসাহিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০টি কম্পিউটার বিতরণ এবং ১০৭ জন সেরা শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে দেশব্যাপী বিজ্ঞানীদেরও পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গুগলের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাঠদানের বিষয়েও আলোচনা হয়েছে। তবে শিক্ষার্থীদের শুধু মুখস্থবিদ্যা কিংবা এআইনির্ভর না হয়ে জ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে বুয়েটের উপাচার্যের বক্তব্য উদ্ধৃত করে ড. এহছানুল হক মিলন বলেন, মুখস্থ করে আসা অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষের পাঠদান পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে। এ কারণে শিক্ষকদের প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে প্রকল্পভিত্তিক (প্রজেক্ট বেজড) শিক্ষা কার্যক্রম চালুর ওপর গুরুত্ব দিতে হবে।
দেশে সাধারণ গ্র্যাজুয়েটের অভাব না থাকলেও প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এ ঘাটতি পূরণে কারিগরি শিক্ষার প্রসার ও গবেষণায় গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী, ইউজিসির অধীনে ‘রিসার্চ অ্যান্ড হিট প্রজেক্টে’ প্রায় ৫ হাজার কোটি টাকার অনুদান বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন এবং পলিটেকনিক গ্র্যাজুয়েটদের বিশেষায়িত ডিগ্রি অর্জনের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে তৃতীয় একাডেমিক ভবন, কেন্দ্রীয় অডিটোরিয়াম ও আবাসিক হল নির্মাণের জন্য অর্থায়ন অনুমোদনের কথা জানান শিক্ষামন্ত্রী। ২০২৬ সাল থেকে তৃতীয় পর্যায়ের আবাসিক হল নির্মাণ প্রকল্প শুরুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়াতে সরকার অনুমোদিত ২০০টি ইলেকট্রিক বাসের মধ্যে দুটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সম্প্রসারণে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন।
দেশের মানবসম্পদকে প্রধান জাতীয় সম্পদ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। প্রতিবছর দেশে প্রায় ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে প্রায় ১০ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যায়। বাকি শিক্ষার্থীদের দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, সে লক্ষ্যে ভর্তি পরীক্ষার কাঠামো পরিবর্তনের জন্য ইউজিসিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এ জন্য শিক্ষাব্যবস্থায় উদ্যোক্তা তৈরির উপযোগী পরিবেশ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষা খাতে বাজেট জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ বা ৮৭ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২ শতাংশ বা ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ভবিষ্যতে শিক্ষা বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

