logo

‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, আদালতে ইমরান খানের আবেদন

‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, আদালতে ইমরান খানের আবেদন
ইমরান খান। ছবি: রয়টার্স

একসময় ক্রিকেট মাঠে পাকিস্তানকে বিশ্বজয়ের আনন্দে ভাসিয়েছিলেন। ১৯৯২ সালে অধিনায়ক হিসেবে দেশকে এনে দিয়েছিলেন প্রথম ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। সেই ইমরান খান এখন কারাগারে নিজের জীবন নিয়েই শঙ্কিত। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দাবি করে জরুরি চিকিৎসার জন্য পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলোর দ্বারস্থ হয়েছেন সাবেক এই ক্রিকেটার ও প্রধানমন্ত্রী। যথাযথ চিকিৎসা না পেলে জীবিত ফিরতে পারবেন কি না, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান সরকার।

সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। গত ১১ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের সময় এই আবেদন পৌঁছে দেওয়ার নির্দেশ পেয়েছিলেন তিনি।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে ইমরান দাবি করেছেন, দীর্ঘদিন নির্জন কারাবাস এবং যথাযথ চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বিশেষ করে উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ইমরানের দাবি, গত ১০ নভেম্বর তার রক্তচাপের মাত্রা ১৯২ ও ১৯৩ পর্যন্ত পৌঁছেছিল। চিকিৎসকেরা তাকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলেও জানিয়েছেন তিনি। এমনকি তার হৃদ্‌যন্ত্র ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নিজের পরিস্থিতি তুলে ধরে ইমরান লেখেন, ‘৭৪ বছর বয়সে এই অবিরাম পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরতে পারব না।’

২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দি আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তার অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বরে একটি মামলার রায় ঘোষণার পর থেকে কারাগারে তার ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দিনের প্রায় ২২ ঘণ্টা নির্জন কক্ষে থাকতে হচ্ছে তাকে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত করে দেওয়া হয়েছে।

চিঠিতে ইমরান জানিয়েছেন, চলতি বছরে মাত্র চারবার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তিনি। দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতিও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তার।

দীর্ঘদিনের বিচ্ছিন্নতা মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে বলেও দাবি করেছেন ইমরান। তার ভাষ্য, কারাগারের মেডিকেল বোর্ড পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বই পড়া এবং টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সেই পরামর্শ বাস্তবায়ন করেনি।

নিজের ডান চোখের দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ রয়েছে সাবেক এই ক্রিকেটারের। চিঠিতে তার দাবি, গত ফেব্রুয়ারিতে আইনজীবী সাক্ষাৎ করতে এসে জানতে পারেন, ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। অথচ এর আগে বিষয়টি পরিবার কিংবা আইনজীবীদের জানানো হয়নি।

তবে পাকিস্তান সরকার আগে থেকেই তার চিকিৎসা চলছে বলে জানিয়ে আসছে। সরকারি চিকিৎসকদের প্রতিবেদনে চোখের অবস্থার উন্নতির কথাও উল্লেখ করা হয়েছে।

শুধু নিজের চিকিৎসাই নয়, স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে চোখের রেটিনায় জটিলতার কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল বুশরাকে। কিন্তু এরপর প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ না পাওয়ায় তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

চিঠিতে ইমরান জানিয়েছেন, চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় বুশরা তীব্র আলো সহ্য করতে পারছিলেন না। চোখ খুলতেও তার সমস্যা হচ্ছিল। আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন বলে দাবি করেছেন তিনি।

নিজের দীর্ঘদিনের জনকল্যাণমূলক কাজের কথাও স্মরণ করিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। ইমরান লেখেন, ‘যাদের চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য নেই, তারা যেন বিনা মূল্যে চিকিৎসা পান, সে জন্য জীবনের বড় একটি সময় হাসপাতাল প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছি। অথচ আজ আমি শুধু নিজের ও স্ত্রীর চিকিৎসা চাইছি।’

গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল।

ইমরানের অভিযোগ, আদালতের ওই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। তার চিকিৎসা ও কারাবাসসংক্রান্ত বিষয়টি বর্তমানে ফেডারেল সাংবিধানিক আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।

অবশ্য চিকিৎসায় অবহেলার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তার দাবি, ইমরানকে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী কারাগারের বাইরের হাসপাতালেও পরীক্ষা করানো হচ্ছে।

মন্ত্রী জানিয়েছেন, ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ইমরানকে আটবার নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরীক্ষায় তার শারীরিক অবস্থা ও রক্তচাপ সন্তোষজনক পাওয়া গেছে বলেও দাবি করেছেন তিনি।

তারিক ফজলের ভাষ্য অনুযায়ী, ইমরান কারাগারে নিজের পছন্দের খাবার, বই ও টেলিভিশনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন। একজন বন্দির চিকিৎসা ও আইনগত অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং সে ক্ষেত্রে কোনো অবহেলা করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ১০ নভেম্বর রাতেও ইমরানকে কারাগার থেকে পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চোখের পরীক্ষা ও চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, চিকিৎসার সময় তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

তবে আদালতের নির্দেশিত বেসরকারি হাসপাতালের পরিবর্তে সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। সরকারের দাবি, নিরাপত্তাজনিত কারণে হাসপাতাল পরিবর্তন করা হয়েছিল। অন্যদিকে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, এর মাধ্যমে আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হয়নি।

ইমরানের নতুন চিঠির পর উদ্বেগ প্রকাশ করেছেন তার দুই ছেলেও। ছেলে কাসিম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বাবার চিঠি পড়ে তিনি গভীরভাবে মর্মাহত। অন্য ছেলে সুলাইমানের বক্তব্য, যথাযথ চিকিৎসার আবেদন কোনো বিশেষ সুবিধা চাওয়া নয়, এটি একজন বন্দির মৌলিক অধিকার।

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। এর আগেও তার পরিবারের সদস্য ও আইনজীবীরা চিকিৎসার সুযোগ নিয়ে অভিযোগ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ক্রিকেট অধিনায়কেরাও তার যথাযথ চিকিৎসা ও মানবিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ইমরান খান। ১৯৯২ সালের বিশ্বকাপের ফাইনালে তার নেতৃত্বেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দেন তিনি। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। বিভিন্ন মামলায় দেওয়া দণ্ডের বেশির ভাগই স্থগিত অথবা বাতিল হয়েছে। তবে একটি মামলায় দণ্ড বহাল থাকায় এখনো কারাগারে রয়েছেন তিনি।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান। পাকিস্তান সরকার অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে। সরকারের বক্তব্য, আদালতের দেওয়া সাজা অনুযায়ী কারাভোগ করছেন সাবেক প্রধানমন্ত্রী।

এবার আদালতের কাছে ইমরানের আবেদন, তার ও স্ত্রীর চিকিৎসাসংক্রান্ত আগের নির্দেশগুলো কার্যকর করা হোক। আইনিভাবে নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে চান তিনি।

চিঠির শেষদিকে ইমরান লিখেছেন, ‘আমি কোনো বিশেষ সুবিধা চাইছি না। শুধু সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন এবং আমাদের চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানাচ্ছি। বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’

একসময় ক্রিকেট মাঠে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখিয়েছিলেন যে অধিনায়ক, সেই ইমরান খান এবার আদালতের কাছে নিজের চিকিৎসার সুযোগ চেয়েছেন। তবে তাঁর স্বাস্থ্যঝুঁকি ও কারাগারের সুযোগ-সুবিধা নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর অভিযোগ এবং সরকারের বক্তব্যের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট