logo

মাদক উদ্ধারে গিয়ে মিলল পিস্তল-গুলি, বাবা-ছেলে আটক

মাদক উদ্ধারে গিয়ে মিলল পিস্তল-গুলি, বাবা-ছেলে আটক
উদ্ধার করা পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল। ছবি : পুলিশের সৌজন্যে

নাটোরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আজিজুল শেখ ও তার ছেলে আক্কাস আলী আকাশকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হয়বতপুর পূর্বপাড়া এলাকায় আজিজুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে উদ্ধার করা অস্ত্রসহ নাটোর সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল আজিজুল শেখের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। একপর্যায়ে বাড়ির ভেতরে পাটকাঠির স্তূপের মধ্যে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল পাওয়া যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় আজিজুল শেখ ও তার ছেলে আক্কাস আলী আকাশকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের চোখ ফাঁকি দিয়ে আজিজুলের আরেক ছেলে আমির হোসেন পালিয়ে যান। পরে আটক দুজনকে উদ্ধার করা অস্ত্রসহ নাটোর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অস্ত্রসহ দুজনকে থানায় সোপর্দ করেছেন। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট