logo

কক্সবাজার/পাশ ছাড়েনি, আহত সঙ্গীকে তিন দিন ধরে আগলে রেখেছে হাতিটি

পাশ ছাড়েনি, আহত সঙ্গীকে তিন দিন ধরে আগলে রেখেছে হাতিটি
তিন দিন ধরে অসুস্থ হাতিটির পাশ ছাড়ছে না সঙ্গী হাতিটি। ছবি : এশিয়া পোস্ট

হাতিটির পেছনের ডান পায়ে বড় একটি ক্ষত। ক্ষতস্থানজুড়ে উঠে গেছে চামড়া, ভেতর থেকে বের হচ্ছে পুঁজ। আঘাতের যন্ত্রণায় পা ফেলতে কষ্ট হচ্ছে, হাঁটতে গিয়ে মাঝপথেই থেমে যাচ্ছে হাতিটি। কিন্তু তার পাশ ছাড়ছে না আরেকটি হাতি। আহত হাতিটি যতটুকু এগোচ্ছে, সঙ্গী হাতিটিও ঠিক ততটুকুই এগিয়ে যাচ্ছে কখনো গা ঘেঁষে, কখনো বা কিছুটা পেছনে থেকে। এভাবেই গত তিন দিন ধরে অসুস্থ সঙ্গীর পাশ ছাড়েনি সুস্থ হাতিটি।

বন্য প্রাণীর এমন মমতার দৃশ্য অবাক করেছে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকার মানুষকে। একদিকে সঙ্গী হাতিটির এমন আগলে রাখার দৃশ্য দেখে আবেগতাড়িত হচ্ছেন স্থানীয়রা, অন্যদিকে চিকিৎসার অভাবে আহত হাতিটির পরিণতি নিয়ে বাড়ছে উদ্বেগ। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে হাতিটিকে বাঁচানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘুরে বেড়াতে দেখছেন স্থানীয়রা।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকেও লোকালয়ে আহত হাতিটির পাশেই ছিল তার সঙ্গী।

স্থানীয় বাসিন্দা নুরুল আজিম জানান, আহত হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে এবং চামড়া উঠে যাওয়ায় ক্ষতটি আরও স্পষ্ট হয়ে উঠেছে। গুরুতর আঘাতের কারণে হাতিটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে।

বাহারছড়ার আরেক বাসিন্দা আলাউদ্দিন বলেন, আহত হাতিটির সঙ্গে থাকা সুস্থ হাতিটি তাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না। আহত হাতিটি কষ্ট করে সামনে এগোলে সঙ্গীটিও তার সঙ্গে এগিয়ে আসছেন। আমরা তিন দিন ধরে এমন দৃশ্য দেখছি।

তিনি আরও বলেন, হাতিটিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে ক্ষত আরও বাড়তে পারে এবং সংক্রমণ ছড়িয়ে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে। বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বন্যপ্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়ে হাতিটির চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

বাহারছড়ার শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ সময় আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন তাকে বিরক্ত না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দুটি হাতির একটির পায়ে গুরুতর জখম রয়েছে এবং অপর হাতিটি তিন দিন ধরে তার সঙ্গেই আছে। বিষয়টি বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে। আশা করছি, দ্রুত চিকিৎসার মাধ্যমে হাতিটি সুস্থ হয়ে উঠবে।

এ বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান বলেন, খবর পাওয়ার পর থেকে আমরা হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছি। সকালে চিকিৎসক দল ঘটনাস্থলে যাবেন। এরপর ড্রোন উড়িয়ে অবস্থান শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।