মায়ের খোঁজে দিল্লি থেকে দেশে, তবুও মেলেনি নাসিমার সন্ধান

বাড়ি থেকে বের হওয়ার পর তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি নাসিমা বেগমের (৪৫)। গত ১৮ আগস্ট বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই গৃহবধূ। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে স্বজনেরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের একজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তবে এখনও জানা যায়নি, নাসিমা কোথায় আছেন, কীভাবে নিখোঁজ হলেন কিংবা তার সঙ্গে কী ঘটেছে।
নাসিমার বাড়ি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা গ্রামে। তিন মাসের বেশি সময় ধরে তার ফেরার অপেক্ষায় দিন কাটছে পরিবারের সদস্যদের। মায়ের পথ চেয়ে আছে সন্তান। আর স্ত্রীকে ফিরে পেতে প্রশাসন ও সাধারণ মানুষের কাছে আকুতি জানাচ্ছেন স্বামী নজরুল ইসলাম।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ আগস্ট চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় বাড়ি থেকে বের হন নাসিমা। একই অটোরিকশায় ছিলেন তার মেয়ে, পুত্রবধূ ও নাতি। তারা পাসপোর্ট-সংক্রান্ত কাজে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথে আজমাতা ব্রিজপাড় এলাকায় টয়লেটে যাওয়ার কথা বলে অন্যদের অটোরিকশায় এগিয়ে যেতে বলেন নাসিমা। এরপর তিনি রাস্তার পাশে তার ননদ মায়া মনির বাড়িতে যান। সেখানে খাওয়াদাওয়া শেষে তাকে আবার অটোরিকশায় তুলে দেওয়া হয়।
পরিবারের দাবি, সর্বশেষ ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় বাজার মোড়ের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে নাসিমাকে অটোরিকশা থেকে নামতে দেখা যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নাসিমা নিখোঁজ হওয়ার ৮ থেকে ১০ দিন পর নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামের এক ব্যক্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে একজন নাসিমাকে পরিবারের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছেন। তবে পরে তিনি নিজের বক্তব্য পরিবর্তন করে জানান, অন্য একজন নারীকে পাওয়া গেছে, যিনি নাসিমা নন।
এদিকে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী নামের এক ব্যক্তি দাবি করেন, নিখোঁজ হওয়ার দুদিন পর তিনি পাশের একটি বাড়িতে নাসিমাকে অচেতন অবস্থায় দেখেছিলেন। ছেলের কাছে এ খবর পৌঁছালে তিনি ওই বাড়িতে যাওয়ার উদ্যোগ নেন। তবে সেখানে পৌঁছানোর আগেই ওই নারীকে সরিয়ে ফেলা হয় বলে পরিবারের অভিযোগ। পরে ওই বাড়ির সন্দেহভাজন বাসিন্দারা বাড়ি ছেড়ে চলে যান। এতে তাদের সন্দেহ আরও বেড়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
নাসিমার স্বামী নজরুল ইসলাম নজু জানান, ১৯৯৩ সাল থেকে ব্যবসার কাজে ভারতের দিল্লিতে যাতায়াত করতেন তিনি। ১৯৯৭ সালে দিল্লিতেই নাসিমাকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নাসিমার বাবার বাড়ি দিল্লিতে। তবে দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশে বসবাস করছিলেন।
নজরুলের ভাষ্য, ভারতে বাঙালি বিতাড়নসহ নানা জটিলতার কারণে গত কোরবানির ঈদের ১০ দিন আগে দিল্লিতে থাকা তাদের যাবতীয় সম্পদ বিক্রি করে পরিবারের সদস্যদের নিয়ে স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন। এর আগে ভাঙারির ব্যবসার প্রয়োজনে তাকে নিয়মিত দিল্লিতে যাতায়াত করতে হতো। ব্যবসার কাজ শেষে স্ত্রীকে নিয়ে দেশে ফিরতেন। আবার অর্থের সংকট দেখা দিলে দিল্লিতে চলে যেতেন। এভাবেই কেটেছে তাদের দীর্ঘদিন।
নজরুল বলেন, ‘আমার স্ত্রী মাঝেমধ্যে নাগেশ্বরীতে গিয়ে বাড়ির টুকটাক জিনিসপত্র কিনতেন। সেই মানুষটি এভাবে হঠাৎ উধাও হয়ে গেলেন। ছোট সন্তান মায়ের জন্য কান্নাকাটি করে। কোথায় খুঁজব, কী করব, কিছুই বুঝতে পারছি না। আমি শুধু আমার স্ত্রীকে ফেরত চাই।’
নাসিমার ছেলে নাসিম মিয়া জানান, মা নিখোঁজ হওয়ার সময় জীবিকার প্রয়োজনে তিনি দিল্লিতে ছিলেন। খবর পেয়ে সেখানে ১২ দিন অপেক্ষা করেন। এ সময় দিল্লিতে থাকা মামা, খালাসহ পরিচিতজনদের বাড়িতে মায়ের খোঁজ করেন। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ৩০ আগস্ট দেশে ফিরে আসেন। পরে ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
নাসিম মিয়ার অভিযোগ, তার মায়ের বাবার বাড়ি দিল্লিতে হওয়ায় পুলিশ বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তবে পুলিশ বলছে, নিখোঁজের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহাবুবার রহমান সরকার বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশের দফাদারসহ সবাই মিলে নাসিমাকে খুঁজছেন। এমন এলাকা থেকে একজন মানুষ এভাবে নিখোঁজ হওয়ার পরও তার সন্ধান না পাওয়া অত্যন্ত উদ্বেগজনক।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। এটি অপহরণ, নাকি অন্য কোনো কারণে নিখোঁজের ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, বাদী অপহরণ মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।



