logo

কুমিল্লা/পুলিশ ফাঁড়ির ভবন এখন মাদকসেবীদের আড্ডাখানা

পুলিশ ফাঁড়ির ভবন এখন মাদকসেবীদের আড্ডাখানা
অকার্যকর অবস্থায় পড়ে আছে পুলিশ ফাঁড়ি। ছবি: এশিয়া পোস্ট

জননিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছিল পুলিশ ফাঁড়ি। উদ্দেশ্য ছিল অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু সেই পুলিশ ফাঁড়ি ১১ বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে। সেখানে এখন বসে মাদকসেবীদের আড্ডা, হয় চুরি-ছিনতাই।

১৯৯০ সালে কুমিল্লা নগরের পরিকল্পিত আবাসিক এলাকা হাউজিং এস্টেটে পুলিশ ফাঁড়িটি নির্মাণ করা হয়। কিন্তু ২০১৫ সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, পুলিশ ফাঁড়িটির চারপাশে ঘন ঝোপঝাড় ও জঙ্গল জন্মেছে। ভবনের কয়েকটি জানালা চুরি হয়ে গেছে এবং ভেতরের বিভিন্ন কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে মাদক সেবনের নানা সরঞ্জাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসনের জন্য ১৯৬১-৬২ সালে প্রায় ১০৩ একর জায়গাজুড়ে গড়ে তোলা হয় কুমিল্লা হাউজিং এস্টেট। মানুষের নিরাপত্তার জন্য ১৯৯০ সালে সেখানে পুলিশ ফাঁড়িটি নির্মাণ করা হয়।

এই আবাসিক এলাকায় ৫৬০টি প্লট, প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে খেলার মাঠ ও একটি দিঘি। এ ছাড়া কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারের কার্যালয় এবং আবাসিক ভবনের কিছু অংশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমও চলছে। এত জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ ফাঁড়িটি কার্যকর না থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা।

তাদের অভিযোগ, সন্ধ্যার পর ফাঁড়ির পাশের খেলার মাঠ, দিঘি ও পরিত্যক্ত ভবন ঘিরে বহিরাগত ও মাদকসেবীদের অবাধ বিচরণ শুরু হয়। এমনকি ভবনের ভেতরে অপরাধীদের যাতায়াতের দৃশ্য যেন ধরা না পড়ে, সেজন্য ফাঁড়ির সামনের একটি বহুতল ভবনের সিসিটিভি ক্যামেরাও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

হাউজিং এস্টেটের প্লটের মালিক সালাউদ্দিন বলেন, ২০১৫ সালে পুলিশ ফাঁড়িটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর বেশ কয়েকবার পুনরায় চালুর উদ্যোগের কথা শোনা গেলেও আর সচল হয়নি। বর্তমানে এখানে মাদকের আড্ডা, ছিনতাই ও ফ্ল্যাটে চুরির ঘটনা অহরহ ঘটছে। কাগজে-কলমে এখানে একটি পুলিশ ফাঁড়ি আছে, কিন্তু সেটির কার্যক্রম নেই। ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধের আশঙ্কা নিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে।

আরেক বাসিন্দা খাইরুল খান বলেন, পরিত্যক্ত পুলিশ ফাঁড়িটি এখন মাদকের আড্ডার জায়গায় পরিণত হয়েছে। এত মানুষের নিরাপত্তার জন্য পুলিশ ফাঁড়ি করা হলেও আমরা এর সুফল পাচ্ছি না। ফাঁড়িটি দ্রুত চালু করা হলে এলাকার মানুষের নিরাপত্তাহীনতা কমবে।

সাবেক কাউন্সিলর সেলিম খাঁন বলেন, পরিত্যক্ত ভবনটি সংস্কার করে দ্রুত পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালু করা প্রয়োজন। একই সঙ্গে ভবন ও আশপাশের মাঠে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, নিয়মিত পুলিশি টহল এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে। তা না হলে আবাসিক এলাকার পরিবেশ ও নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, পুলিশ ফাঁড়ির ভবনটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি মেরামত কিংবা নতুন করে নির্মাণের মতো অর্থ থানা বা জেলা পুলিশের কাছে নেই। মাঠে বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনার তথ্য তাদের কাছে আসে। সেখানে প্রায়ই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এশিয়া পোস্টকে বলেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে ফাঁড়িটি চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। ভবনটি মেরামত করা হবে। এটি পরিত্যক্ত নয়, কয়েক দিনের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। সেখানে মাদক সেবনের বিষয়টি আগে তার জানা ছিল না। এখন থেকে ওই এলাকায় নিয়মিত পুলিশি টহল দেওয়া হবে।

আকরাম হোসেন

সম্পাদনা

আকরাম হোসেন

সহকারী বার্তা সম্পাদক | এশিয়া পোস্ট