গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়ে

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গভীর নিম্নচাপের প্রভাবে সাগর খুবই উত্তাল হয়ে উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে হওয়ার কথা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
