logo

বাড়ির সামনে অটোরিকশায় বসে ছিলেন, ট্রাকচাকায় গেল প্রাণ

বাড়ির সামনে অটোরিকশায় বসে ছিলেন, ট্রাকচাকায় গেল প্রাণ
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত। ছবি: এশিয়া পোস্ট

পিরোজপুর সদর উপজেলায় বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শেখ ভৈরমপুর গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে এবং ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকায় নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুল শেখের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন জানান, সন্ধ্যার কিছু সময় পর সড়ক দুর্ঘটনায় আহত একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।