খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গুরুত্বপূর্ণ স্থাপনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে ভবনটি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়।
পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি ভবনের সিঁড়িতে পড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
