কম জমিতে বেশি ফসল: কৃষির সংকট মোকাবিলায় পথ দেখাচ্ছে বাকৃবির গবেষণা

একদিকে বাড়ছে জনসংখ্যা, অন্যদিকে কমছে কৃষিজমি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার মতো সংকট প্রতিনিয়ত কঠিন করে তুলছে দেশের কৃষি। অথচ এই সীমিত জমি থেকেই জোগান দিতে হচ্ছে প্রায় ১৭ কোটি মানুষের খাদ্য। ফলে কৃষির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কম জমিতে, কম খরচে, কম ঝুঁকিতে বেশি খাদ্য উৎপাদন।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকের মাঠে আশার আলো হয়ে উঠছে গবেষণাগারের নতুন নতুন উদ্ভাবন। রোগবালাইয়ের বিরুদ্ধে লড়তে সক্ষম ধান, লবণাক্ত জমিতে ফলন দেওয়ার উপযোগী সরিষা, ভাইরাস প্রতিরোধী ভুট্টার জিন শনাক্তকরণ কিংবা সেচের পানির ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার প্রযুক্তি কৃষির এসব সম্ভাবনার পেছনে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের নিরলস প্রচেষ্টা।
প্রতি বছর কৃষি দিবস আমাদের কৃষকের অবদান, কৃষির গুরুত্ব এবং দেশের খাদ্যনিরাপত্তায় কৃষি গবেষণার প্রয়োজনীয়তা নতুন করে স্মরণ করিয়ে দেয়। এবারের প্রেক্ষাপটেও তাই প্রশ্ন উঠছে, কৃষিজমি কমে যাওয়ার এই সময়ে কৃষিকে কীভাবে আরও উৎপাদনশীল ও টেকসই করা যায়? বাকৃবির গবেষণাগারে চলমান বিভিন্ন গবেষণা সেই প্রশ্নেরই সম্ভাবনাময় উত্তর দিচ্ছে।
ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। কিন্তু ধানের উৎপাদন বাড়ানোর পথে অন্যতম বড় বাধা রোগবালাই। বিশেষ করে বোরো মৌসুমে ব্লাস্ট রোগের আক্রমণ কৃষকের স্বপ্নের ফসল মুহূর্তেই নষ্ট করে দিতে পারে। এ রোগে আক্রান্ত হলে ধানের শিষ শুকিয়ে যায়, কমে যায় দানার সংখ্যা, আর কৃষককে গুনতে হয় বড় অঙ্কের লোকসান। প্রচলিত জনপ্রিয় জাতগুলোর অনেকগুলোই ব্লাস্ট রোগের প্রতি সংবেদনশীল। এই বাস্তবতায় কৃষকের জন্য আশার নাম হয়ে উঠেছে বাকৃবির উদ্ভাবিত বাউ ধান-৩।

২০১৫ সালে ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) থেকে সংগৃহীত একটি জেনেটিক লাইন নিয়ে জাতটি উদ্ভাবনের গবেষণা শুরু হয়। পরে এসিআই লিমিটেডের আর্থিক সহায়তায় মাঠপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। দীর্ঘ গবেষণা ও মূল্যায়নের পর ২০১৯ সালে জাতীয় বীজ বোর্ডের অনুমোদন পায় জাতটি। গবেষকদের দাবি, বাউ ধান-৩ হেক্টরপ্রতি সাত থেকে আট টন পর্যন্ত ফলন দিতে সক্ষম, যা প্রচলিত ব্রি ধান-২৮-এর তুলনায় এক থেকে দুই টন বেশি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্লাস্ট রোগের বিরুদ্ধে এর প্রতিরোধক্ষমতা কৃষকের উৎপাদনঝুঁকি কমাতে পারে।
এদিকে কৃষির সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো সেচের পানির ক্রমবর্ধমান চাহিদা। বিশেষ করে বোরো ধান চাষে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা অনেক বেশি। ফলে পানির স্তর নিচে নেমে যাওয়া এবং সেচের খরচ বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হচ্ছে। এই সংকট মোকাবিলায় বাকৃবির গবেষকেরা পানি সাশ্রয়ী শস্যবিন্যাস ও সরাসরি বীজ বপন পদ্ধতি নিয়ে কাজ করেছেন।
ময়মনসিংহ সদর উপজেলার চর ইশ্বরদিয়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, সেচের খরচ দিন দিন বাড়ছে। ডিজেল, সার, শ্রমিক সবকিছুর দাম বেশি। ধান ফলানোর পর যদি লাভের বড় অংশ সেচের পেছনে চলে যায়, তাহলে কৃষকের হাতে তেমন কিছু থাকে না। কম পানিতে একই জমিতে ভালো ফলন পাওয়া গেলে আমরা অবশ্যই সেই পদ্ধতি গ্রহণ করতে চাই। তবে নতুন পদ্ধতি হাতে-কলমে শিখিয়ে দিতে হবে।
কৃষক আলমগীর হোসেন বলেন, ধান চাষে আমাদের সবচেয়ে বড় ভয় রোগবালাই। সারাবছর পরিশ্রম করে ফসল ঘরে তোলার সময় যদি রোগে ধান নষ্ট হয়ে যায়, তাহলে ঋণের বোঝা মাথায় নিয়ে চলতে হয়। যে জাত রোগের আক্রমণ ঠেকাতে পারবে এবং ফলনও ভালো দেবে, সেই জাতই আমরা চাষ করতে চাই। তবে ভালো বীজ যেন সময়মতো এবং ন্যায্য দামে পাওয়া যায়, সেটিও নিশ্চিত করতে হবে।
এছাড়া দেশের আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় ফসল সরিষা। ভোজ্যতেলের চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয় বাংলাদেশকে। ফলে সরিষার উৎপাদন বাড়ানো গেলে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। এ লক্ষ্য সামনে রেখে বাকৃবির কৃষি অনুষদ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ গবেষণায় উদ্ভাবিত হয়েছে বাকৃবি সরিষা-১, বাকৃবি সরিষা-২ ও বাকৃবি সরিষা-৩।
এই জাতগুলোর বিশেষত্ব হলো লবণাক্ততা সহ্য করার সক্ষমতা। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে অনেক জমি বছরের একটি বড় সময় অনাবাদি পড়ে থাকে। এসব জমিতে লবণসহিষ্ণু সরিষার চাষ সম্প্রসারণ করা গেলে কৃষির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। গবেষণার তথ্য অনুযায়ী, লবণাক্ত মাটিতে এসব জাতের হেক্টরপ্রতি ফলন প্রায় আড়াই টন এবং অপেক্ষাকৃত অনুকূল মাটিতে প্রায় তিন টন পর্যন্ত হতে পারে। বীজে তেলের পরিমাণও প্রায় ৪০ থেকে ৪১ শতাংশ।
জানা গেছে, ধান ও সরিষার পাশাপাশি ভুট্টা উৎপাদনেও নতুন সম্ভাবনার সন্ধান করছেন বাকৃবির গবেষকেরা। দেশের প্রাণিসম্পদ ও পোলট্রি খাদ্যশিল্পে ভুট্টার চাহিদা ক্রমেই বাড়ছে। কিন্তু ভুট্টার বিভিন্ন ভাইরাসজনিত রোগ কৃষকের উৎপাদনকে অনিশ্চিত করে তুলতে পারে। এ সমস্যা মোকাবিলায় জিনগত গবেষণার মাধ্যমে মেইজ ডোয়ার্ফ মোজাইক ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা শনাক্তের কাজ করা হয়েছে।
গবেষণায় বারি হাইব্রিড ভুট্টা-৭, ভি-৯২ ও উত্তরণ জাতের মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধের বৈশিষ্ট্য পাওয়া গেছে। এ ক্ষেত্রে বিএইচএম-৭ সবচেয়ে ভালো ফল দেখিয়েছে। ভাইরাস প্রতিরোধী বৈশিষ্ট্য কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও উন্নত জাত উদ্ভাবনের পথ তৈরি হতে পারে। তবে গবেষণার ফলকে কৃষকের উপযোগী জাত ও প্রযুক্তিতে রূপ দিতে আরও পরীক্ষা এবং মাঠপর্যায়ের মূল্যায়ন প্রয়োজন।
বাকৃবির গবেষকরা লক্ষ্য করেছেন, খরা এখন দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকের জন্য বড় দুশ্চিন্তার কারণ। পানির অভাবে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, কমে যায় ফলন। এ পরিস্থিতিতে বাকৃবির গবেষকেরা বার্লির দুটি জাতের ওপর স্যালিসাইলিক অ্যাসিড প্রয়োগের কার্যকারিতা পরীক্ষা করেছেন। খরার সময় স্যালিসাইলিক অ্যাসিড প্রয়োগ করলে বার্লিগাছের বৃদ্ধি ও জৈববস্তু উৎপাদন খরার নেতিবাচক প্রভাবে তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গাছের আপেক্ষিক পানির পরিমাণ ও প্রোলিনের মাত্রা বাড়তে দেখা গেছে। অর্থাৎ উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে পানির ঘাটতির মধ্যেও ফসলের সহনশীলতা বাড়ানো সম্ভব।
বাকৃবি গবেষণায় আমন ধানের পর রবি ফসল এবং শুকনো জমিতে সরাসরি বপন করা বোরো বা আউশ ধানের বিভিন্ন শস্যবিন্যাস পরীক্ষা করা হয়। এতে আমন ধান, টমেটো ও সরাসরি বপন করা আউশ ধানের সমন্বিত শস্যবিন্যাসে পুরো শস্যচক্রে হেক্টরপ্রতি সর্বোচ্চ প্রায় ১৯ দশমিক ৬২ টন ফলন পাওয়া গেছে। অন্যদিকে সরিষাভিত্তিক শস্যবিন্যাসে ফলন ছিল প্রায় ১৪ দশমিক ৬৩ টন।
এই গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, প্রচলিত কাদামাটিতে চারা রোপণের পরিবর্তে শুকনো জমিতে সরাসরি বীজ বপন করায় সেচের পানির ব্যবহার প্রায় অর্ধেক কমানো সম্ভব হয়েছে। এতে কৃষকের সেচ ও ডিজেল খরচ কমানোর পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর সুযোগ তৈরি হয়েছে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে বাংলাদেশের কৃষিতে আরও নতুন নতুন সংকট দেখা দিতে পারে। কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি, কোথাও লবণাক্ততা একেক অঞ্চলের সমস্যা একেক রকম। তাই অঞ্চলভিত্তিক গবেষণা এবং কৃষকের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে গবেষণার পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে গবেষণার জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন, আধুনিক গবেষণাগার, দক্ষ জনবল এবং উদ্ভাবিত প্রযুক্তির মাঠপর্যায়ে সম্প্রসারণ নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গবেষণার ঐতিহ্য দেশের কৃষিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধানের রোগ প্রতিরোধ, সরিষার লবণসহিষ্ণুতা, ভুট্টার ভাইরাস প্রতিরোধী বৈশিষ্ট্য শনাক্তকরণ এবং পানি সাশ্রয়ী শস্যবিন্যাস প্রতিটি গবেষণাই কৃষির ভিন্ন ভিন্ন সংকট মোকাবিলার সম্ভাবনা তৈরি করছে।
কৃষিবিদ সোহানুর রহমান বলেন, কৃষি গবেষণার সাফল্যগুলো নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে গবেষণাগারে উদ্ভাবিত জাত কিংবা প্রযুক্তি কৃষকের মাঠে পৌঁছাতে না পারলে তার সুফল জাতীয় অর্থনীতিতে পুরোপুরি প্রতিফলিত হবে না। এ জন্য গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।
বাকৃবির জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, বাংলাদেশের কৃষকের হাতে যদি সময়মতো মানসম্মত বীজ পৌঁছে দেওয়া যায়, গবেষণার ফল যদি মাঠের বাস্তবতার সঙ্গে যুক্ত করা যায় এবং নতুন প্রযুক্তি গ্রহণে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়, তবে কৃষির সংকটই একসময় সম্ভাবনায় রূপ নিতে পারে। আর সেই সম্ভাবনার পথ নির্মাণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবন হতে পারে গুরুত্বপূর্ণ শক্তি। কৃষকের ঘামে ফলানো ফসল আর গবেষকের মেধায় গড়ে ওঠা প্রযুক্তির সম্মিলনেই নিশ্চিত হতে পারে আগামীর খাদ্য ও পুষ্টিনিরাপত্তা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, কৃষকের পাশে দাঁড়াতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে। কারণ ভবিষ্যতের কৃষি কেবল বেশি জমিতে বেশি ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং কম জমি, কম পানি, কম খরচ এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও অধিক উৎপাদন নিশ্চিত করাই হবে এর মূল লক্ষ্য।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, রোগপ্রতিরোধী ধান, লবণসহিষ্ণু সরিষা, ভাইরাস প্রতিরোধী ভুট্টা ও পানি সাশ্রয়ী চাষাবাদ কৃষির নানা সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনা তৈরি করছেন বাকৃবির গবেষকেরা। এসব উদ্ভাবন মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে পারলে বাড়বে উৎপাদন, কমবে কৃষকের ঝুঁকি ও খরচ।



