logo

গণপিটুনিতে নিহত যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ নিতে আসেনি কেউ

গণপিটুনিতে নিহত যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ নিতে আসেনি কেউ
মেহেদী হাসান। ছবি: পারিবারিক সূত্রে

ময়মনসিংহ নগরে বালু ব্যবসার দ্বন্দ্বে এক রাতে দুই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানের (৩৫) মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তবে গণপিটুনিতে নিহত যুবলীগ নেতার ভাই মেহেদী হাসানের (৩১) মরদেহ নিতে আসেনি তার পরিবার কিংবা স্বজনদের কেউ।

সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজন চন্দ্র পাল।

Advertisement

তিনি বলেন, ‘দুপুর ১২টার দিকে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। তবে গণপিটুনিতে নিহত যুবলীগ নেতার ভাই মেহেদী হাসানের মরদেহ নিতে পরিবারের কেউ আসেনি।’

নিহত মেহেদী হাসান নগরের মধ্য বারেরা মজিদ মার্কেট এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মেহেদীর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।

অন্যদিকে নিহত মো. সুরুজ জামান নগরের মধ্য বারেরা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন এবং প্রাইভেটকার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসা করতেন।

নিহত সুরুজ জামান ও মেহেদীর প্রতিবেশী আশিকুর রহমান বলেন, ‘মেহেদীর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন। এলাকার মানুষ তাদের ওপর চরম ক্ষিপ্ত হয়ে আছেন এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মরদেহ এলাকায় নিয়ে এলে আবারও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় কেউ মরদেহ আনতে যাননি।’

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় সুরুজ জামান তার শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। পথে মধ্য বারেরা মজিদ মার্কেট-সংলগ্ন রাস্তায় জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে মোটরসাইকেলের গতিরোধ করে সুরুজ জামানকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের জেরে রাতে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করেন স্থানীয় লোকজন। রাত ১২টার দিকে নগরের দীঘারকান্দা এলাকায় ঢাকা বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সরে যান এবং রাত ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় জাহাঙ্গীর আলমের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার ভোর ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ জামানের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার জানান, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থী একটি ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

তবে চেষ্টা করেও ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অভিযুক্ত অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মেহেদীর মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।’

ইনামুল হোসেন

সম্পাদনা

ইনামুল হোসেন

জ্যেষ্ঠ সহ-সম্পাদক | এশিয়া পোস্ট