ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হচ্ছে না, এড়িয়ে চলুন এই ৭ ভুল

ব্যস্ত জীবনে কাপড় ধোয়ার কাজকে আরও সহজ করতে অনেকেই ওয়াশিং মেশিন ব্যবহার করেন। তবে অনেকেরই অভিযোগ থাকে, ওয়াশিং মেশিনে নাকি ঠিকঠাক কাপড় পরিষ্কার হয় না। কাপড় ধোয়ার পরও অনেক সময় দাগ থেকে যায়, কাপড়ে দুর্গন্ধ হয় বা ডিটারজেন্ট জমাট বেঁধে থাকে। এর পেছনে আসলে কারণ কী!
এক্ষেত্রে ওয়াশিং মেশিনের ত্রুটিকে দায়ী করেন কেউ কেউ। তবে মেশিনের ত্রুটির পাশাপাশি থাকতে পারে ব্যবহারের কিছু ভুল অভ্যাস। ওয়াশিং মেশিনে কাপড় ভালোভাবে পরিষ্কার করতে ও যন্ত্রের কার্যক্ষমতা ধরে রাখতে কয়েকটি ভুল এড়িয়ে চলতে হবে।
মেশিনে অতিরিক্ত কাপড় দেওয়া
ওয়াশিং মেশিনের ধারণক্ষমতার চেয়ে বেশি কাপড় দিলে সেগুলো ঠিকমতো পরিষ্কার হয় না। অতিরিক্ত কাপড়ের কারণে ড্রামের ভেতরে পানি ও ডিটারজেন্ট ঠিকভাবে চলাচল করতে পারে না। ফলে কাপড়ের ময়লা থেকে যায়। এ ছাড়া কাপড়ের মধ্যে অতিরিক্ত ঘর্ষণ তৈরি হয়ে সেগুলো নষ্টও হতে পারে। তাই মেশিনের ধারণক্ষমতা অনুযায়ী কাপড় দিতে হবে।
অনেক বেশি বা কম ডিটারজেন্ট ব্যবহার
বেশি ডিটারজেন্ট ব্যবহার করলেই কাপড় বেশি পরিষ্কার হবে, এমন ধারণা ঠিক না। অতিরিক্ত ডিটারজেন্ট কাপড়ে আস্তরণ তৈরি করতে পারে। এতে কাপড়ে ময়লা আটকে থাকতে পারে, পাশাপাশি দুর্গন্ধও হতে পারে। আবার প্রয়োজনের তুলনায় কম ডিটারজেন্ট ব্যবহার করলে ঘাম, তেল ও কঠিন দাগ ঠিকমতো উঠবে না। তাই ডিটারজেন্টের প্যাকেটে দেওয়া নির্দেশনা অনুযায়ী পরিমাণ ব্যবহার করা জরুরি।
ওয়াশিং মেশিন পরিষ্কার না করা
নিয়মিত পরিষ্কার না করলে ওয়াশিং মেশিনের ড্রাম, দরজার রাবার সিল ও ডিটারজেন্ট রাখার ট্রেতে সাবানের অবশিষ্টাংশ ও ব্যাকটেরিয়া জমতে পারে। এতে ছত্রাক তৈরি হওয়ার পাশাপাশি কাপড় ধোয়ার পরও দুর্গন্ধ থেকে যেতে পারে। তাই মেশিনের নির্দেশনা অনুযায়ী নিয়মিত ড্রাম, রাবার সিল ও ডিটারজেন্ট ট্রে পরিষ্কার করতে হবে।
কাপড় অনুযায়ী পানির তাপমাত্রা নির্বাচন না করা
সব ধরনের কাপড় একই তাপমাত্রার পানিতে ধোয়া উচিত না। অতিরিক্ত গরম পানিতে কিছু কাপড় নষ্ট হতে পারে। আবার কিছু কঠিন দাগ ও তেলচিটে ময়লা পরিষ্কার করতে ঠান্ডা পানি যথেষ্ট নাও হতে পারে। তাই কাপড়ের ধরন ও লেবেল দেখে পানির তাপমাত্রা নির্বাচন করা উচিত।
মেশিনের ফিল্টার পরিষ্কার না করা
ওয়াশিং মেশিনের ফিল্টারে চুল, কাপড়ের সুতো, বোতাম ও ছোটখাটো জিনিস জমতে পারে। দীর্ঘদিন পরিষ্কার না করলে ফিল্টার আটকে যায়। এতে মেশিন থেকে পানি ঠিকমতো বের হতে পারে না। ফলে ধোয়া শেষে কাপড় বেশি ভেজা বা অপরিষ্কার থাকতে পারে। তাই মেশিনের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর ফিল্টার পরিষ্কার করতে হবে।
ভুল ওয়াশ প্রোগ্রাম নির্বাচন
আধুনিক ওয়াশিং মেশিনে বিভিন্ন ধরনের কাপড় ও ময়লার জন্য আলাদা ওয়াশ প্রোগ্রাম থাকে। যেমন, খুব ময়লা কাপড় পরিষ্কারের জন্য কুইক ওয়াশ ব্যবহার করলে পর্যাপ্ত সময়ে ময়লা নাও উঠতে পারে। অন্যদিকে, ডেলিকেট মোড সাধারণ কাপড় ধোয়ার জন্য উপযুক্ত না। তাই কাপড়ের ধরন ও ময়লার পরিমাণ বুঝে সঠিক ওয়াশ প্রোগ্রাম নির্বাচন করতে হবে।
পানিতে অতিরিক্ত আয়রন বা খনিজ থাকা
পানিতে আয়রন ও খনিজের পরিমাণ বেশি থাকলে তাকে হার্ড ওয়াটার বলা হয়। এ ধরনের পানিতে সাধারণ ডিটারজেন্ট ঠিকমতো কাজ নাও করতে পারে। এতে কাপড় পরিষ্কার করতে অনেক সমস্যা হয়। পাশাপাশি মেশিনের ভেতরেও খনিজের আস্তরণ জমতে পারে। তাই পানিতে খনিজের পরিমাণ বেশি হলে হার্ড ওয়াটারের উপযোগী ডিটারজেন্ট ব্যবহার করা যেতে পারে।
