ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ

প্রথম মেয়াদের প্রায় এক বছর বাকি থাকতেই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নেতৃত্বে আরও এক মেয়াদ নিশ্চিত করলেন জয় শাহ। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় এই ক্রিকেট সংগঠক। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে তার পুনর্নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। সংস্থাটির ভাষ্য, আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ পরিবর্তনের এই সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা এবং শাহর ওপর বোর্ডের আস্থার প্রতিফলন এই সিদ্ধান্ত। বিশেষ করে ক্রিকেটের বিশ্বব্যাপী সম্প্রসারণ, নতুন দর্শক তৈরি এবং বাণিজ্যিক উন্নয়নের পরিকল্পনায় তার নেতৃত্বকে গুরুত্বপূর্ণ মনে করছে আইসিসি।
২০২৪ সালের ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জয় শাহ। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের উত্তরসূরি হিসেবে সেবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে ২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং ২০২১ সাল থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন শাহ।
আইসিসির নিয়ম অনুযায়ী, চেয়ারম্যান পদে সর্বোচ্চ দুটি তিন বছর মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে আগের তিনটি দুই বছর মেয়াদের নিয়ম পরিবর্তন করা হয়। সেই হিসাবে প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নিয়োগ পেলেন শাহ।
আবারও দায়িত্ব পাওয়ায় আইসিসি বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। সব পরিচালকের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্যদেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
দ্বিতীয় মেয়াদে শাহর সামনে অন্যতম বড় উপলক্ষ ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক। ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। বিশ্বজুড়ে খেলাটির জনপ্রিয়তা বাড়াতে এই প্রত্যাবর্তনকে বড় সুযোগ হিসেবে দেখছেন আইসিসি চেয়ারম্যান।
শাহ বলেন, ‘আমরা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়গুলোর একটিতে প্রবেশ করছি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে খেলাটিকে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি করেছে।’
তবে শুধু বড় টুর্নামেন্ট আয়োজনেই সীমাবদ্ধ থাকতে চান না শাহ। তার মতে, ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলোয়াড়, সমর্থক, বাণিজ্যিক অংশীদার ও সংশ্লিষ্ট সবাইকে গুরুত্ব দিতে হবে। আইসিসির ঘোষিত অগ্রাধিকারের মধ্যে রয়েছে নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্যদেশগুলোর সুযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক ক্রিকেটের অখণ্ডতা রক্ষা এবং টেকসই বাণিজ্যিক কাঠামো গড়ে তোলা।
শাহর পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেট দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সিরিজের গুরুত্ব ও প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার পাশাপাশি বড় আন্তর্জাতিক আসরগুলোর আকর্ষণ বজায় রাখা জরুরি।
থম্পসন বলেছেন, ক্রিকেটের ঐতিহ্যের সঙ্গে নতুন প্রযুক্তি, দর্শকদের পরিবর্তিত চাহিদা এবং বাণিজ্যিক বাস্তবতার সমন্বয় করাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ। এ জন্য সদস্যদেশগুলোকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে আইসিসিকে।
নারী ক্রিকেটের উন্নয়নের বিষয়টিও সামনে এনেছেন আইসিসির স্বাধীন পরিচালক ড. রস রিভাজ। শাহকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, নারী ক্রিকেটের অগ্রগতিকে আইসিসির দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে। বিশেষ করে যেসব নারী ক্রিকেটারের খেলার সুযোগ বাধাগ্রস্ত হয়েছে, তাদের আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পথ তৈরি করা প্রয়োজন।
অন্যদিকে সহযোগী সদস্যদেশগুলোর জন্য আরও বেশি প্রতিযোগিতা ও বিনিয়োগের দাবি জানিয়েছেন আইসিসির সহযোগী সদস্যদের চেয়ারম্যান গুরুমূর্তি পালানি। তার মতে, ক্রিকেটকে সত্যিকার অর্থে বৈশ্বিক খেলায় পরিণত করতে হলে ছোট ক্রিকেটীয় দেশগুলোকেও উচ্চপর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
আইসিসির ডেপুটি চেয়ারম্যান ও জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুকুহলানি বিশেষ গুরুত্ব দিয়েছেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ওপর। আফ্রিকায় অনুষ্ঠেয় এই আসর মহাদেশটিতে ক্রিকেটের নতুন দর্শক তৈরি এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের সুযোগ এনে দিতে পারে বলে মনে করেন তিনি।
নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টুয়োজও শাহর পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তার মতে, ক্রিকেটের বিশ্বব্যাপী সম্প্রসারণের পাশাপাশি খেলাটির বিভিন্ন সংস্করণ ও ঐতিহ্য ধরে রাখতে সদস্যদেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


