গোপালগঞ্জ গণঅধিকার পরিষদ সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগের নিন্দা

গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মহসিন শেখের ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং জেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। গত রোববার (১৫ নভেম্বর) ঘটা এই সহিংসতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছে দলটি।
সোমবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মহসিন শেখের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে।
গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তারা আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যদি মনে করে এ ধরনের তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরে আসবে, তবে তারা ভুল করবে।
বিবৃতিতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

