সাক্ষাৎকারে সামান্তা শারমিন/ভারতই বারবার আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। নীতিগত বিরোধ থেকে সম্প্রতি তিনি দল থেকে পদত্যাগ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত এনসিপির সাংগঠনিক প্লাটফর্ম ‘জাতীয় নাগরিক কমিটি’র মুখপাত্র ছিলেন তিনি। ছাত্রজীবনে বামধারার ছাত্ররাজনীতির বাইরেও নানান অ্যাক্টিভিজম করেছেন। এশিয়া পোস্টের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এনসিপি থেকে পদত্যাগের কারণ, দেশের রাজনীতি, সংস্কার এবং নিজের দর্শন নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন আবিদ আজম।
এশিয়া পোস্ট: ছাত্রনেতৃত্ব থেকে শুরু করে আপনি এনসিপির সাংগঠনিক কাঠামোর সঙ্গে মূলধারার রাজনীতি করেছেন। আপনার পথচলার গল্পটা জানতে চাই।
সামান্তা শারমিন: আমার রাজনৈতিক ক্যারিয়ার খুব বড় কিছু নয়। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ২০১০-১১ শিক্ষাবর্ষে, তার আগে ইডেন কলেজে পড়তাম। সেই সময় থেকেই আমি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। পরবর্তীতে ছাত্ররাজনীতি বাদ দিলেও বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলনে জড়িত ছিলাম। যেমন—রামপাল বিদ্যুৎকেন্দ্র ইস্যুতে সুন্দরবন আন্দোলন, তনু ধর্ষণের পর দেশব্যাপী আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে মেট্রোরেল নেওয়ার বিকল্প প্রস্তাব ও বছরের পর বছর ডাকসু নির্বাচন বন্ধ রাখার বিরুদ্ধে আন্দোলন।
পড়াশোনার সময় প্রায় সাত বছর আমি ক্যাম্পাসে ছিলাম এবং পুরো সময়টাই বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ভেতরে ছিলাম। ২০১৯ সালে নিরাপদ সড়ক আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ হয়। এরপর চাকরিতে প্রবেশ করি এবং পরবর্তীতে ২০২৩ সালে চাকরি ছেড়ে পুনরায় রাজনীতিতে আসি। এটা খুব বড় বা বর্ণাঢ্য কোনো ক্যারিয়ার নয়, এটি খুবই প্রাথমিক একটি পর্যায়।
আমি ২০১৬-১৭ সালে পাস করেছি। গণ-অভ্যুত্থানে ছাত্রদেরই প্রধান ভূমিকা ছিল। ছাত্রাবস্থায় আন্দোলনে যুক্ত থাকায় এবং ছাত্রনেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকায় আমার পক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত হওয়াটা সহজতর হয়েছিল। আমি জনতার অংশ থেকে কেবল ছাত্রদের নেতৃত্বে সেই ভূমিকা পালন করেছি।
এশিয়া পোস্ট: আপনার সাবেক রাজনৈতিক সহযোদ্ধা নুসরাত তাবাসুমের বাড়িতে অগ্নিসংযোগ এবং ছাত্রশক্তির হাসিবকে হামলা করা হয়। এ ছাড়াও জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট অনেককেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। কেন এসব ঘটছে বলে মনে করেন?
সামান্তা শারমিন: ব্যক্তিগতভাবে এসব ঘটনায় আমি আতঙ্কিত নই, কিন্তু আমার ব্যক্তিগত আতঙ্ক দিয়ে এটাকে বোঝাপড়া করার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি, জুলাইয়ের যারা অংশগ্রহণকারী, জুলাইয়ের যারা সম্মুখসারির যোদ্ধা এবং জুলাইয়ের যারা নেতৃত্ব, তাদেরকে অরক্ষিত রাখতে সাহায্য করেছে সবকটি পক্ষ, সব পুরোনো রাজনৈতিক দল। গত অন্তর্বর্তী সরকার, বর্তমান সরকার ও বিরোধী দল, কেউই আসলে জুলাইয়ের নেতৃত্বকে নিরাপদ রাখার ব্যাপারে আন্তরিক নয়।
কেবল সংসদে পৌঁছালে জুলাইয়ের নেতৃত্ব নিরাপদ থাকবে—এমন কোনো কারণ নেই। কারণ, সংসদ নিজে কোনো নিরাপত্তা দিতে পারে না। নিরাপত্তা দিতে পারে সংস্কার, পরিবর্তন, নতুন ধরনের রাজনৈতিক দল এবং শুধুমাত্র আন্তরিক বন্ধুরা। কিন্তু আমি দেখেছি, নুসরাতের বাড়িতে হামলার পরে এনসিপির জোটসঙ্গী জামায়াত ও ছাত্রশিবিরের অনেকেই নুসরাতের বিপক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে উল্লাস প্রকাশ করছেন। এটা হয় তো ফরমাল কোনো জায়গা থেকে আসছে না, কিন্তু ইনফরমালি এমনই দেখা যাচ্ছে।
ফলে ওই জামায়াত নামক বন্ধুটি আসলে ঠিক বন্ধু নয়, বন্ধুরূপে শত্রুই বলা যাচ্ছে। কারণ, নুসরাত ও নুসরাতের আগের সমন্বয়কদের প্রতি তাদের কোনো আন্তরিকতা নেই। তাদের নিরাপত্তার ব্যাপারেও এই দলগুলোর কোনো মনোযোগ নেই।
এশিয়া পোস্ট: জুলাইয়ের পর অভ্যুত্থান-সংশ্লিষ্ট সবপক্ষই কি দুর্বৃত্তদের টার্গেটে আছে নাকি সেখানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে যারা এনসিপির সঙ্গে যুক্ত তাদের নিরাপত্তা শঙ্কা বেশি রয়েছে?
সামান্তা শারমিন: অবশ্যই! অনেকে বলে যে আওয়ামী লীগ শুধু এনসিপিকেই টার্গেট করবে। তবে বিষয়টি যদি আমরা অন্যভাবে ভাবি, সম্প্রতি হাসিবুল ইসলাম আহত হয়েছেন। তাকে চাপাতি দিয়ে আঘাত করার আগে কেন আঘাত করা হচ্ছে, সেটিও কিন্তু বলা হয়েছে (জুলাই জঙ্গি)। আওয়ামী লীগ যে এটার সঙ্গে জড়িত, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ধারণা করছি, নুসরাতের ঘটনাটাও একই এবং আওয়ামী লীগই হামলা করেছে।
আপনারা দেখবেন যে এই দুজন কিন্তু গণ-অভ্যুত্থানের সমন্বয়ক। দুজন পার্টিতে একই পজিশনে আছে কি না, সেটা আওয়ামী লীগের কাছে বিবেচ্য বিষয় নয়। ফলে, যারা নেতৃত্বে ছিলেন এবং লিস্ট ধরে ধরে সমন্বয়কদের ওপর এই আঘাতটা আসছে বলেই আমি মনে করি। এখানে বিএনপি, জামায়াত বা অন্যান্য শক্তির কোনো আহত হওয়ার খবর আমরা পাচ্ছি না। তার মানে এই নয় যে আমরা আহত হওয়ার জন্য অপেক্ষা করছি।
কিন্তু আমি মনে করি, ছাত্রদেরকেই তারা শত্রু মনে করে। বিএনপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সমঝোতা যত বেশি সহজ, জুলাইয়ের সমন্বয়কদের সঙ্গে সমঝোতা করাটা তার চেয়ে অনেক বেশি কঠিন বলে আওয়ামী লীগ মনে করে।
এশিয়া পোস্ট: ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরবেন বলে প্রচার করা হয়েছে। সামগ্রিকভাবে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন কতটা বাস্তব?
সামান্তা শারমিন: রাজনৈতিক প্রত্যাবর্তনের কোনো সুযোগই নেই। বরং গত তিন-চার দিনে আওয়ামী লীগ শব্দটি যতবার উচ্চারিত হয়েছে, সেটাই আওয়ামী লীগ তাদের সফলতা বলে মনে করে। এই যে আমরা বারবার আওয়ামী লীগ শব্দটি উচ্চারণ করছি, তাতে করেই তারা এটিকে নিজেদের সাফল্য ও অর্জন বলে মনে করছে। এটাকে বাধা দেওয়ার উপায়টা কী? এটাকে বাধা দেওয়ার একমাত্র উপায় হলো সংস্কার, অন্য কিছু নয়।
আপনি যদি কাঠামোগত সংস্কার না করেন, প্রতিষ্ঠানগুলোকে সংস্কার না করেন এবং জনগণকে এই প্রতিষ্ঠানগুলোর ওপরে শক্তিশালী না করেন, তবে কোনোভাবেই আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ঠেকানো সম্ভব নয়। রাজপথের আন্দোলনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যন্ত জরুরি।
এশিয়া পোস্ট: ভারতীয় আগ্রাসনের ব্যাপারে দেশে জোরাল আলোচনা রয়েছে। সামগ্রিক বিবেচনায় বাংলাদেশের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ কী?
সামান্তা শারমিন: ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তখনই শুরু হবে, যখন ভারত বাংলাদেশকে বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা দেবে। তার আগ পর্যন্ত ভারত বাংলাদেশের ওপর যে ধরনের আগ্রাসন চালায়, চুক্তির মাধ্যমে, পলিসি মেকিংয়ের মাধ্যমে, রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে এবং আমাদের দেশের দাগি আসামিদের আশ্রয় দেওয়ার মাধ্যমে। এতে করে ভারতের সঙ্গে কূটনীতি সম্পর্ক গড়ে তোলার আলাপের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আগে সমতা নিশ্চিত করা।
তিস্তাসহ পানির ন্যায্য হিস্যা এবং এই জায়গাগুলোতে সমস্যা সমাধানের আগ পর্যন্ত এটি কোনো কূটনৈতিক সম্পর্কই নয়। ভারতের কাছে আমরা একটা করদরাজ্য, যেখানে ভারত আমাদের রাজনৈতিক শত্রু মনে করে এবং রাজনৈতিকভাবে হ্যান্ডেল করতে চায়। বাকি বিষয়গুলো যখন সমতার পর্যায়ে আসবে, তখনই ভারতের সঙ্গে কূটনীতি সঠিকভাবে চালু হবে।
আমাদের দেশের দাগি আসামিকে আশ্রয় দিয়ে ভারত যদি মনে করে যে এটি কূটনৈতিক সম্পর্ক, তবে সেটি ভুল অঙ্গীকারের ওপর দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হয় না ভারতের সেই সদিচ্ছা আছে। আর আমরা তখনই তাদের সদিচ্ছা বুঝতে পারব, যখন এই বিষয়গুলোতে তাদের আন্তরিকতা দেখতে পাব।
এশিয়া পোস্ট: দেশের পররাষ্ট্রনীতি ‘নতজানু’ বলে আপনি বিভিন্ন সময় অভিযোগ করেছেন। এর কারণ কী?
সামান্তা শারমিন: ওসমান হাদির হত্যাকারী যেমন ভারতে পালিয়ে গেছে, শেখ হাসিনাও তেমনি ভারতে পালিয়ে গেছেন। আমাদের দেশের তৎকালীন মন্ত্রিপরিষদের বেশির ভাগ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এটাকে আমরা কাকতালীয়ভাবে দেখি না। ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের কূটনৈতিক অনেক দুর্বলতা আছে।
সৌদি আরব আমাদের নাগরিককে না জানিয়ে হত্যা করার পরেও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের মন্তব্য করেছে, তা কোনোভাবেই একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করে না। এই ধরনের নতজানু পররাষ্ট্রনীতি ভারতের ব্যাপারে আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমার মনে হয়। ভারত আমাদের কাছের দেশ হলেও সবকিছুতে তাদের চ্যালেঞ্জের মুখোমুখি না করে পাশাপাশি থাকা যেমন সত্য নয়, অন্যদিকে ভারতই বারবার আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলছে। ওসমান হাদির হত্যাকারীকে ফিরিয়ে না দিয়ে তারা আমাদের ভাবনাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে।
এশিয়া পোস্ট: জাতীয় নাগরিক কমিটির গঠনের ধারাবাহিকতায় দল হিসেবে এনসিপির যাত্রা শুরু হয়। পুরো সময়ে আপনাকে নেতৃস্থানীয় একজন হিসেবে দেখা গেছে। হঠাৎ দল থেকে পদত্যাগের কারণ কী?
সামান্তা শারমিন: অনেকগুলো কারণ আমি ব্যাখ্যা করেছি। প্রথমত, সংস্কারের বন্ধু হিসেবে ১১ দলীয় ঐক্যের দলগুলোকে এনসিপি বেছে নিয়েছে, কিন্তু আমি মনে করি না সংস্কারের প্রশ্নে বাকি দলগুলো এনসিপির মতো সমান সিরিয়াস। যে কোনো টালমাটাল পরিস্থিতিতে তারা সংস্কারের এজেন্ডা থেকে পিছিয়ে যেতে পারে, যা এনসিপির পক্ষে সম্ভব নয়।
দ্বিতীয়ত, ছাব্বিশের নির্বাচনে রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের কথা থাকলেও বাকি দলগুলো যে অ্যারেঞ্জমেন্ট করেছে, তাতে পুরোনো ব্যবস্থাটাই বহাল রয়েছে। ফলে মানুষের মনে গড়ে ওঠা রাজনৈতিক আকাঙ্ক্ষা ধারণ করার মতো আর তৃতীয় কোনো শক্তি নেই। এনসিপি পুরোনো দলগুলোর সঙ্গে হাত মেলানোর কারণে রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।
তৃতীয়ত, নারী নেতৃত্ব এবং নারীদের স্বাধীন রাজনৈতিক অংশগ্রহণ পার্টিতে বাধার মুখে পড়েছে।
চতুর্থত, অন্যান্য পুরোনো রাজনৈতিক দলের মতো অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো কাউন্সিল ছাড়াই এনসিপি পুনর্গঠন করা হয়েছে, যা গণতন্ত্র হত্যার শামিল। এই কারণগুলোর জন্যই আমার দলের সঙ্গে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে।
এশিয়া পোস্ট: পদত্যাগের বিষয়টি কি সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত ছিল, নাকি এমন কোনো পরিস্থিতি তৈরি করা হয়েছিল?
সামান্তা শারমিন: পরিস্থিতি তৈরি করা হয়েছে কি না, তা আমার দেখার বিষয় ছিল না। দলের ভেতর থেকে অনেক কিছু করা হলেও তা আমাকে প্রভাবিত করেনি। কারণ, আমি আমার কাজ করে গিয়েছি। তবে একটি পর্যায়ে আমার মনে হয়েছে, এই দলকে সেই পথ থেকে ফেরানোর চেষ্টা করার মতো সাধ্য ও সামর্থ্য আমার ফুরিয়ে এসেছে। এর অর্থ এই নয় যে বর্তমানে যারা দলে আছেন, তারা এই চেষ্টা করতে পারেন না। আমি চাই তারা চেষ্টা করুন, এই কারণেই আমি মিডিয়ায় কথা বলছি এবং দীর্ঘ পোস্ট লিখেছি।
এশিয়া পোস্ট: নাহিদ ইসলাম কোন প্রক্রিয়ায় এনসিপির আহ্বায়ক হয়েছে আপনি সেই প্রশ্ন তুলেছেন। প্রশ্নটা কেন উঠেছিল?
সামান্তা শারমিন: আমি নাহিদ ইসলাম বা অন্য কারও পদ নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। বরং আমার পদ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলেই আমাকে বলতে হয়েছে কে কোন মাপকাঠিতে পোস্ট পাচ্ছে। আমার পোস্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল যে, আমি কেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক থেকে যুগ্ম আহ্বায়ক হলাম বা পদত্যাগ করলাম কি না।
আমার প্রশ্ন ছিল, আমি কেন যুগ্ম আহ্বায়ক হলাম? আমি তো দলের বিপক্ষে গিয়ে মিডিয়াতে কথা বলেছি, শাস্তিস্বরূপ আমার পদ আরও নিচে থাকতে পারত। কিন্তু কেন আমাকে এই পদে রাখা হলো বা অন্য কাউকে কোন মাপকাঠিতে কোন পদ দেওয়া হয়েছে, তার কোনো উত্তর নেই। আমার কাছে মনে হয়, ইনটেনশনালি আমাকে এক ধরনের উদ্দেশ্য নিয়ে আক্রমণ করা হয়েছে।
এশিয়া পোস্ট: পুনর্গঠিত কমিটিতে আপনাকে পদাবনতি দেওয়া হয়। বিষয়টি আপনাকে ক্ষুব্ধ করেছে?
সামান্তা শারমিন: আমি গত বছরের ডিসেম্বরে সবার সামনেই জামায়াতের সঙ্গে জোটের বিরোধিতায় ছিলাম। আমারও এমপি হওয়া বা গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার সুযোগ ছিল। ১১ মাস আমি যে স্ট্রাগল করেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলের অভ্যন্তরে নারী হিসেবে এই ধরনের স্ট্রাগল করার নজির খুব একটা দেখা যায় না। সেই স্ট্রাগলকে উহ্য রেখে এমনভাবে প্রশ্ন তোলা হয়েছে যেন ১১ মাস কিছুই ঘটেনি।
এশিয়া পোস্ট: এনসিপি ছেড়েছেন, কিন্তু দলটির প্রতিষ্ঠাকালীন অন্যতম নীতিনির্ধারক হিসেবে এর বর্তমান রাজনৈতিক অবস্থানের দায় কি আপনার ওপর বর্তায় না?
সামান্তা শারমিন: আমি তো আমার দায় এড়াতে চাই না। যত দিন দায়িত্বে ছিলাম, সেই সময়ের কোনো সিদ্ধান্তের ব্যাপারে কারও কোনো প্রশ্ন থাকলে তার জবাব দিতে প্রস্তুত আছি।
এশিয়া পোস্ট: জামায়াতের সঙ্গে জোট করায় আপনি আপত্তি জানিয়েছেন। এনসিপির নেতৃত্ব কি শুরু থেকে এই আদর্শিক অবস্থান সম্পর্কে অবগত ছিল না?
সামান্তা শারমিন: জামায়াতের সঙ্গে তো আমাদের আগে কোনো জোট ছিল না। রাজনৈতিক অবস্থান ও আদর্শিক অবস্থানের মধ্যে পার্থক্য রয়েছে। জামায়াতের ব্যাপারে আমার আপত্তিগুলো কোনোটিই আদর্শিক নয়, পুরোপুরি রাজনৈতিক ও সাংগঠনিক। এনসিপি এই জোটে যুক্ত হয়ে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আমি এটিকে সমর্থন করতে পারিনি।
এশিয়া পোস্ট: দৃশ্যমান নেতৃত্বের বাইরে ডিপস্টেট বা অন্য কোনো তৃতীয় শক্তির প্রভাব এনসিপিতে আছে বলে আপনি মনে করেন?
সামান্তা শারমিন: আমি এই ধরনের মন্তব্যে বিশ্বাস করি না। ডিপস্টেট অনেক কিছু করতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদ না চাইলে তাকে দিয়ে কেউ কিছু করাতে পারবে না, ইট ইজ ইম্পসিবল। তারেক রহমান নিজে না চাইলে, এনসিপি বা ড. মুহাম্মদ ইউনূস না চাইলে কেউ কাউকে কোনো জোটে বাধ্য করতে পারত না। এই ধরনের ব্যাকডোর আলাপ বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই হেলদি নয়। এটি রাজনীতিবিদদের এক্সকিউজ তৈরি করার সুযোগ করে দেয়, যা জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য ব্যবহার করা হয়।
এশিয়া পোস্ট: একসময় আপনি বামপন্থি বা সংশয়বাদী ছিলেন বলে জানিয়েছেন। কীভাবে পরিবর্তন এলো?
সামান্তা শারমিন: আমাকে বলা হয় আমি নাকি হিন্দু ছিলাম। আমি বলেছি, আমি একটি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি এবং একটি পর্যায়ে নাস্তিক বা সংশয়বাদী ছিলাম, যেখানে কোনো ঈশ্বরে বিশ্বাস করতাম না। পরবর্তীতে আমার মধ্যে পরিবর্তন আসে এবং আমি ইসলাম ধর্মকে আমার ধর্ম বলে বিশ্বাস করি ও অনুসরণ করি। এর বাইরে আর কোনো বিশ্লেষণের অবকাশ নেই। বাংলাদেশের অসংখ্য মানুষের জীবনে এমন পরিবর্তন আসে। আমার রাজনৈতিক অবস্থান ও বোঝাপড়াকে কটাক্ষ করার জন্যই আমার পোশাক-আশাক ও অতীত জীবনযাপনকে টেনে আনা হচ্ছে।
এশিয়া পোস্ট: এনসিপির নেতৃত্বের মধ্যে কি এমন কেউ আছেন, যাদের সিদ্ধান্তের বাইরে দলের অন্য নেতাদের মতামত দেওয়ার সুযোগ থাকে না?
সামান্তা শারমিন: রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণকারী বডি হলো রাজনৈতিক পরিষদ। এনসিপিতে যতদূর জানি রাজনৈতিক পরিষদে ১৬ জন আছেন। যে কোনো রাজনৈতিক লাইন বা সিদ্ধান্তের জন্য এই ১৬ জনকেই অ্যাকাউন্টেবল করতে হবে। শুধু শীর্ষ নেতৃত্ব নয়, যারা এই নীতিগুলোকে সমর্থন করেন, তাদের প্রত্যেককে প্রশ্ন করতে হবে।
এশিয়া পোস্ট: জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক শক্তির প্রত্যাশা তৈরি হয়েছিল, সেটি কি সফল নাকি ব্যর্থ হতে চলেছে?
সামান্তা শারমিন: এই মুহূর্তে আমি এটিকে সফলতা বা ব্যর্থতার খতিয়ান দিয়ে দেখতে চাই না। তবে এনসিপির হাত ধরে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তারা যখন পুরোনো পন্থার দিকে ঝুঁকছে, তখন এটি একটি বড় আঘাত। এটি ব্যর্থতার দিকে আগাচ্ছে, তবে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে বলার সময় এখনো আসেনি। বিএনপি ও অন্যান্য দল যারা টু-থার্ড সংখ্যাগনিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে, তারা কী করছে সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। কারণ, এই ব্যর্থতা স্ট্রাকচারালি হচ্ছে, বাংলাদেশের প্রতিষ্ঠান, সংসদ এবং জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারার কারণে।
দেশের ‘পুরাতনপন্থি’ রাজনৈতিক দলগুলো শাসনতন্ত্রের পরিবর্তন আগ্রহী না। সংস্কারে বিশ্বাসী না। জামায়াত-এনসিপি কেবল নয়, বিএনপির রাজনীতি নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আমি দেখি জামায়াত-বিএনপির মতো পুরোনো রাজনৈতিক দলগুলো পরিবর্তনের জন্য আগ্রহী না। পুনর্গঠন করার জন্য তারা উৎসাহী না। এ কারণে তারা নিজেদের মধ্যে একধরনের সমঝোতা বজায় চলে।
এশিয়া পোস্ট: বর্তমানে নতুন কোনো রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা আছে, নাকি অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন?
সামান্তা শারমিন: এ বিষয়ে বিস্তারিত বলার মতো সময় এখনও আসেনি। আমি মাত্র বের হয়েছি, সবার সঙ্গে বসব, কথা বলে তারপর সিদ্ধান্ত নেব নতুন দল গঠন করব, নাকি অন্য কোনো দলের সঙ্গে কাজ করব। আমার ফেসবুক পোস্টে বিস্তারিত বলা আছে, সেটার ভিত্তিতেই সবার সঙ্গে আলোচনা হবে।
আমার একটা রাজনৈতিক ভিত্তি আছে। এই ভিত্তি অনুযায়ী আমি প্রত্যাশা থেকে সবার সঙ্গে বসব, কথা বলব। সবাই আমার সঙ্গে যোগাযোগ করছে। আমার মতামত জানাব। তাদের মতামত জানব। ইসলামী বা অন-ইসলামী দল নয়, সবার প্রতিই আগ্রহ আছে।
এশিয়া পোস্ট: ভবিষ্যতে এনসিপির সঙ্গে বোঝাপাড়া মিটমাট করে দলটিতে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে?
সামান্তা শারমিন: দেখেন, আমি তো দলটা ছাড়তেই চাইনি। এনসিপির রাজনৈতিক লাইনটাই ভুল। আমাদের সবার কাজ হলো এনসিপিকে এটা উপলব্ধি করতে সাহায্য করা যে তাদের বর্তমান পথটি ভুল এবং এই পথ থেকে তাদের ফিরে আসতে হবে। এরপর এনসিপির সঙ্গে বন্ধুত্ব বা শত্রুতা কী হবে, তা তাদের কর্মপন্থা এবং রাজনৈতিক লাইনই নির্ধারণ করে দেবে।

