বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুনরায় বাড়তে শুরু করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যুদ্ধের কারণে জাহাজ চলাচলে হামলার ঘটনা অব্যাহত থাকলেও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন প্রায় যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে এসেছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেড়ে যাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ২৭ মিনিট জিএমটি পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে চীনের তেল শোধনাগারগুলোতে অক্টোবরে অপরিশোধিত তেল পরিশোধনের পরিমাণ কমেছে। এতে দেশটিতে জ্বালানি তেলের চাহিদা হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ চীনের চাহিদা কমে যাওয়াও আন্তর্জাতিক বাজারে দাম পতনের অন্যতম কারণ।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ বাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ স্বাভাবিক হয়ে আসা এবং চীনে চাহিদা কমে যাওয়ার প্রত্যাশা বিশ্ববাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে।
